এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেল গার্ডিয়ান লাইফ
রবিবার (১৯ জুলাই) এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘মোস্ট সাসটেইনেবল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অব দ্য ইয়ার–ইন্স্যুরেন্স’ বিভাগে পুরস্কার অর্জন করেছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। প্রতিষ্ঠানটির অন্তর্ভুক্তিমূলক বিমা উদ্যোগ ‘গার্ডিয়ান ব্র্যাক বিমা’র মাধ্যমে ১ কোটি ২২ লাখ মানুষের আর্থিক সুরক্ষা নিশ্চিত করার স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা দেওয়া হয়েছে।
বাংলাদেশ ইনোভেশন কনক্লেভের উদ্যোগে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ও সাসটেইনেবল ব্র্যান্ড ইনিশিয়েটিভ আয়োজিত এ পুরস্কার জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে উল্লেখযোগ্য অবদান রাখা উদ্যোগগুলোকে প্রদান করা হয়।
২০১৫ সালে গার্ডিয়ান লাইফ ও ব্র্যাকের যৌথ উদ্যোগে চালু হওয়া ‘গার্ডিয়ান ব্র্যাক বিমা’ বর্তমানে দেশের ৬৪ জেলায় ব্র্যাকের প্রায় ৩ হাজার ৩০০টি শাখার মাধ্যমে পরিচালিত হচ্ছে। এর আওতায় রয়েছেন প্রায় ১ কোটি ২২ লাখ মানুষ, যাদের বড় অংশই স্বল্প আয়ের নারী।
উদ্যোগটির মাধ্যমে বিমাকৃত ঋণের দায় পরিশোধ করে সুবিধাভোগী পরিবারগুলোকে আর্থিক সংকট থেকে সুরক্ষা দেওয়া হয়। ২০২৫ সালে এ কর্মসূচির আওতায় ৩৯ হাজার ২৪৩টি দাবি নিষ্পত্তি করে প্রায় ২৪২ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। আর ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত মোট দাবি পরিশোধের পরিমাণ প্রায় ১ হাজার ৪১৫ কোটি টাকা।
গার্ডিয়ান লাইফের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ রকিবুল করিম বলেন, এই স্বীকৃতি গার্ডিয়ান ব্র্যাক বিমার সুবিধাভোগী লাখো পরিবারের। ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত মানুষের কাছে অর্থবহ বিমা সুরক্ষা পৌঁছে দিতে প্রতিষ্ঠানটি কাজ করে যাবে।
এবারের এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডসে ১৯টি বিভাগে ৪৭২টি মনোনয়ন থেকে কয়েক ধাপের মূল্যায়নের মাধ্যমে টেকসই উন্নয়নে অবদান রাখা ৫৯টি উদ্যোগকে সম্মাননা দেওয়া হয়।


