রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
রবিবার (১৯ জুলাই) জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আজ রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমিতে ‘জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত চার দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিগত ১৭ বছরের প্রশাসনিক রাজনীতিকরণের ধারা থেকে বেরিয়ে জনপ্রশাসনকে জনগণের প্রকৃত সেবকে পরিণত করতে হবে। বর্তমান সরকারের প্রতি জনগণের প্রত্যাশা পূরণে প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
তিনি সরকারি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, নিজেদের শাসক নয়, জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে। আনুষ্ঠানিক কর্মশালার চেয়ে জনকল্যাণে কার্যকর উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, সঠিক নীতি প্রণয়নের জন্য দেশের পরিসংখ্যান ব্যবস্থার সংস্কার জরুরি। এ লক্ষ্যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) আরও শক্তিশালী প্রতিষ্ঠানে রূপান্তরের প্রয়োজন রয়েছে।
দেশের অর্থনৈতিক ভিত্তি মজবুত করতে কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ ও রেমিট্যান্স খাতকে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি কারিগরি শিক্ষার প্রসার এবং জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনা কার্যক্রম জোরদারের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) মোহাম্মদ আলতাফ-উল-আলম। স্বাগত বক্তব্য দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সিপিটি) মোহাম্মদ মনিরুল ইসলাম।


