জনগণের করের অর্থ জনগণের কল্যাণেই ব্যয় নিশ্চিত করছে সরকার: আইনমন্ত্রী
রবিবার (১৯ জুলাই) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী বলেছেন, জনগণের করের অর্থ জনগণের কল্যাণে ব্যয় নিশ্চিত করা সরকারের অন্যতম অঙ্গীকার। স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে উন্নয়নের সুফল প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে পৌঁছে দিতে সরকার কাজ করছে।
আজ মাগুরা জেলা অডিটোরিয়ামে সদর উপজেলা পরিষদের আয়োজনে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, গ্রামীণ নারীদের সেলাই মেশিন এবং গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, অতীতে দুর্নীতি ও অনিয়মের কারণে জনগণের অর্থের সঠিক ব্যবহার হয়নি। বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করে প্রকৃত উপকারভোগীদের হাতে সরকারি সহায়তা পৌঁছে দিচ্ছে। আত্মসাৎ হওয়া অর্থের তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রমও চলমান রয়েছে।
তিনি জানান, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও ইমাম কার্ড কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে যোগ্য পরিবারগুলোকে ফ্যামিলি কার্ডের আওতায় এনে নারীদের আর্থিক সহায়তা দেওয়া হবে।
আইনমন্ত্রী আরও বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা, বিচার বিভাগে দুর্নীতি প্রতিরোধ, রাজনৈতিক সহিংসতা ও মিথ্যা মামলা বন্ধ করে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর।
মাগুরা জেলা পরিষদের প্রশাসক আলী আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন খান, জেলা প্রশাসক মোতাকাব্বির আহমদসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ১৮২ জন উপকারভোগীর মধ্যে বিভিন্ন সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।


