শিরোনাম

South east bank ad

সামুদ্রিক পরিবেশ সুরক্ষায় বাংলাদেশের নতুন অগ্রগতি

 প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১০:০১ অপরাহ্ন   |   মন্ত্রী

সামুদ্রিক পরিবেশ সুরক্ষায় বাংলাদেশের নতুন অগ্রগতি
সোমবার (৬ জুলাই) আইএমওতে আনুষ্ঠানিকভাবে যোগদানের দলিল হস্তান্তর; তেল দূষণ, জাহাজডুবি ও ক্ষতিপূরণ ব্যবস্থায় আন্তর্জাতিক মানে এগোলো বাংলাদেশ


সামুদ্রিক পরিবেশ সংরক্ষণ, উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা এবং টেকসই সামুদ্রিক বাণিজ্য নিশ্চিত করতে তিনটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা (Maritime Liability) কনভেনশনে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে বাংলাদেশ। এর মাধ্যমে দেশের সামুদ্রিক আইন ও প্রাতিষ্ঠানিক কাঠামো আন্তর্জাতিক মানের সঙ্গে আরও সামঞ্জস্যপূর্ণ হবে।

আজ লন্ডনে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (IMO)-এর সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি আইএমও মহাসচিব আরসেনিও ডোমিঙ্গেজের কাছে আনুষ্ঠানিকভাবে যোগদানের দলিল (Instruments of Accession) হস্তান্তর করেন।

এ সময় যুক্তরাজ্যে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার ড. এম. নজরুল ইসলাম এবং নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর মো. শফিউল বারী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ যে তিনটি কনভেনশনে যোগ দিয়েছে সেগুলো হলো— ১৯৯২ সালের Civil Liability Convention (CLC) Protocol, Bunker Convention 2001 এবং Nairobi International Convention on the Removal of Wrecks 2007।

সরকার জানিয়েছে, প্রতিদিন শত শত জাহাজ বাংলাদেশের জলসীমা অতিক্রম করে বা দেশের বন্দরে আসে। এ কারণে তেল নিঃসরণ, বাঙ্কার জ্বালানি দূষণ ও জাহাজডুবির মতো দুর্ঘটনার ঝুঁকি থাকে। নতুন কনভেনশনগুলোর আওতায় এসব দুর্ঘটনায় দায় নির্ধারণ, বাধ্যতামূলক বীমা এবং দ্রুত ক্ষতিপূরণের আন্তর্জাতিক ব্যবস্থা নিশ্চিত হবে।

এছাড়া বাংলাদেশের পতাকাবাহী জাহাজগুলোকে আর বিদেশি নৌ প্রশাসনের কাছ থেকে কনভেনশন সনদ সংগ্রহ করতে হবে না। এতে সময় ও বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের পাশাপাশি আন্তর্জাতিক চার্টারার, বীমা প্রতিষ্ঠান ও বন্দর কর্তৃপক্ষের কাছে বাংলাদেশের জাহাজের গ্রহণযোগ্যতা বাড়বে। একই সঙ্গে বিদেশি বন্দরে অতিরিক্ত পরিদর্শন ও বাণিজ্যিক বিলম্বও কমবে।

বর্তমানে বিশ্বের শতাধিক দেশ এসব কনভেনশনের সদস্য। বাংলাদেশের এই পদক্ষেপ আন্তর্জাতিক সামুদ্রিক মানদণ্ডের সঙ্গে দেশের সামঞ্জস্যতা আরও জোরদার করবে এবং দায়িত্বশীল সামুদ্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অবস্থানকে শক্তিশালী করবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: