শিশুদের উদ্দেশে ডা. জুবাইদা রহমান: ‘তোমরাই আগামীর বাংলাদেশ’
সোমবার (৬ জুলাই) প্রখ্যাত চিকিৎসক, সমাজসেবক ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস-প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেছেন, দেশের শিশুরাই জাতির ভবিষ্যৎ এবং আগামীর বাংলাদেশ গড়ার মহান সৈনিক।
আজ রাজধানীর তেজগাঁওয়ে সরকারি শিশু পরিবার (বালিকা) পরিদর্শনকালে শিশুদের উদ্দেশে তিনি বলেন, “তোমরা জাতির ভবিষ্যৎ, তোমরাই আগামীর বাংলাদেশ এবং দেশ গড়ার মহান সৈনিক। ইনশাআল্লাহ, তোমরা প্রত্যেকে নিজ নিজ ক্ষেত্রে লেখাপড়া করে দেশের মুখ উজ্জ্বল করবে, পৃথিবীর বুকে বাংলাদেশকে উজ্জ্বল করবে।”
পরে তিনি ভূমি ভবন ও পানি ভবনের শিশু দিবাযত্ন কেন্দ্র পরিদর্শন করেন এবং শিশুদের সঙ্গে কেক কাটেন। এছাড়া পানি ভবনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘শিশুর প্রারম্ভিক যত্ন ও বিকাশ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন।
কর্মশালায় ডা. জুবাইদা রহমান বলেন, মানসম্মত ও সার্বজনীন প্রাক-প্রাথমিক শিক্ষা এবং আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের মাধ্যমে শিশুর জ্ঞান ও সামাজিক বিকাশের শক্ত ভিত্তি তৈরি হবে। তিনি বলেন, “শৈশব জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই সময়েই বিভিন্ন জিনিসের ভিত্তি প্রস্তর স্থাপিত হয়। দিবা পরিচর্যা কেন্দ্র শুধু নিরাপদে থাকার স্থান নয়, দেশের ভবিষ্যৎ গড়ায় সহায়ক।”
এ সময় তিনি শিশুদের পরিচর্যায় নিয়োজিত কেয়ার গিভার মা-বোনদের মানবিক ও কঠিন দায়িত্ব পালনের জন্য কৃতজ্ঞতা জানান।
কর্মশালায় মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ১৯৯২ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে ছয়টি ডে কেয়ার সেন্টার প্রতিষ্ঠার মধ্য দিয়ে দেশে ডে কেয়ার কার্যক্রমের সূচনা হয়।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য হলো প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনায় অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠা করা। ‘আমি নয় আমরা’ এবং ‘করবো কাজ গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মিজ ফারজানা শারমীন। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


