শিরোনাম

South east bank ad

মাদ্রিদের সাংস্কৃতিক সম্মেলনে যোগদানের আমন্ত্রণ

 প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন   |   মন্ত্রী

মাদ্রিদের সাংস্কৃতিক সম্মেলনে যোগদানের আমন্ত্রণ
সোমবার (৬ জুলাই) সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস. ওয়াই. রামাদান। এ সময় স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিতব্য একটি আন্তর্জাতিক সাংস্কৃতিক সম্মেলনে অংশগ্রহণের জন্য সংস্কৃতি মন্ত্রীর কাছে যৌথ আমন্ত্রণপত্র হস্তান্তর করা হয়।

আজ সকালে সচিবালয়ে সংস্কৃতি মন্ত্রীর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। স্পেনের সংস্কৃতি মন্ত্রী আর্নেস্ট উরতাসুন দোমেনেখ এবং ফিলিস্তিনের সংস্কৃতি মন্ত্রী ইমাদ এ. হামদানের যৌথ আমন্ত্রণপত্র রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে মন্ত্রীর হাতে তুলে দেন।

আমন্ত্রণপত্র গ্রহণ করে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, সংস্কৃতি বিভিন্ন জাতি ও জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া, শান্তি ও সংলাপের শক্তিশালী সেতুবন্ধন হিসেবে কাজ করে। তিনি জানান, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন এবং দাপ্তরিক সময়সূচি বিবেচনায় আমন্ত্রণটি ইতিবাচকভাবে মূল্যায়ন করা হবে।

বৈঠকে বাংলাদেশ ও ফিলিস্তিনের দীর্ঘদিনের ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের বিষয়টি গুরুত্ব পায়। এ সময় মন্ত্রী পুনর্ব্যক্ত করেন, স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকারের প্রতি বাংলাদেশের সমর্থন অব্যাহত থাকবে।

দুই দেশের মধ্যে শিল্পী ও সাংস্কৃতিক দল বিনিময়, যৌথ প্রদর্শনী, ঐতিহ্য সংরক্ষণ এবং সাংস্কৃতিক সংলাপসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করে। পাশাপাশি দুই দেশের সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে নতুন নতুন সহযোগিতার ক্ষেত্র উন্মোচনে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সাক্ষাৎ শেষে সংস্কৃতি মন্ত্রী রাষ্ট্রদূতকে সফরের জন্য ধন্যবাদ জানান এবং বাংলাদেশে তাঁর কূটনৈতিক দায়িত্ব পালনের সফলতা কামনা করেন। জবাবে রাষ্ট্রদূত ইউসেফ এস. ওয়াই. রামাদান বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: