দুর্গম পাহাড়ে ডিবি পুলিশের অভিযান: অস্ত্রসহ গ্রেপ্তার ২
শনিবার (২৫ জুলাই) চট্টগ্রামের পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে দুই অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৪টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
জেলা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৪ জুলাই দুপুরে ডিবি পুলিশের একটি দল কেলিশহর ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ইন্নারপাড়া এলাকায় গ্রেপ্তারকৃত মো. দেলোয়ার হোসেনের বসতঘরে তল্লাশি চালিয়ে ৬টি কিরিচ, ৫টি রামদা, ১টি দামাদা, ১টি লোহা কাটার এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পরবর্তীতে একই ইউনিয়নের ছাতিভাঙ্গা আফছারের গাছবাগান এলাকায় অভিযান চালিয়ে লুকিয়ে রাখা ২টি একনলা বন্দুক ও ২টি দেশীয় তৈরি এলজি উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. দেলোয়ার হোসেন (৫৪) ও মো. মহসিন (৩৩)। তারা উভয়েই পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নের ইন্নারপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, উদ্ধার করা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র বিভিন্ন সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল।
চট্টগ্রাম জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ, সন্ত্রাস ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় জড়িত অন্যান্য সহযোগী, অস্ত্রের উৎস এবং সম্ভাব্য সন্ত্রাসী চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত চলছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।


