হবিগঞ্জে ১২৩ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার, আটক ২
হবিগঞ্জের মাধবপুরে পৃথক মাদকবিরোধী অভিযানে ১২৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯। এ সময় একটি সিএনজি অটোরিকশা জব্দ এবং দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া বিওপির সীমান্ত এলাকায় বিশেষ টহল পরিচালনা করে। টহলদল সীমান্ত থেকে প্রায় ৪০০ গজ অভ্যন্তরে ভান্ডারুয়া এলাকায় কয়েকজন চোরাকারবারিকে বস্তাভর্তি মালামাল নিয়ে আসতে দেখে ধাওয়া করে।
বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা মালামাল ফেলে দ্রুত পালিয়ে যায়।
পরে পরিত্যক্ত বস্তা তল্লাশি করে ৭৩ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৫৫ হাজার ৫০০ টাকা।
৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমান জানান, জব্দ করা গাঁজা মাদক আইনি প্রক্রিয়ায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
অন্যদিকে, র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে মাধবপুর থানাধীন নোয়াপাড়া সুপার মার্কেট এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়।
এ সময় একটি সন্দেহভাজন সবুজ রঙের সিএনজি অটোরিকশাকে থামার সংকেত দিলে দুজন ব্যক্তি পালানোর চেষ্টা করেন। র্যাব সদস্যরা ধাওয়া করে তাদের আটক করেন।
পরে সিএনজিতে তল্লাশি চালিয়ে নীল পলিথিন ও খাকি স্কচটেপে মোড়ানো অবস্থায় ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়।
গ্রেপ্তাররা হলেন— ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ফান্দাউক গ্রামের মো. খসরু মিয়ার ছেলে মো. ফারুক মিয়া (৩০) এবং একই উপজেলার আশুরাইল গ্রামের মৃত হাজী চুনু মিয়ার ছেলে মো. রুক্কু মিয়া (২৮)।
র্যাব-৯-এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে জব্দ করা আলামতসহ তাদের মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে বিজিবি ও র্যাবের এমন কঠোর অবস্থানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী।


