শিরোনাম

South east bank ad

পরিত্যক্ত অবস্থায় ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার

 প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২১, ০১:০৬ পূর্বাহ্ন   |   সারাদেশ

পরিত্যক্ত অবস্থায় ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার
আমজাদ হোসেন শিমুল, (রাজশাহী ব্যুরো) :

রাজশাহী মহানগরীতে পরিত্যক্ত অবস্থায় ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ৪টার দিকে নগরীর টাঙ্গন বালুরঘাট এলাকা থেকে একটি বস্তায় পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার করা হয়। রবিবার (১৯ সেপ্টেম্বর) নগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়- শনিবার দিবাগত রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো. আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মো. মশিয়ার রহমান, মো. আবু জোবায়ের ও তার টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করছিলো। রাত সোয়া ৩টার দিকে কাটাখালী বাজারে অবস্থানকালে ডিবি পুলিশের ওই টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ভারত থেকে চোরাচালানের মাধ্যমে কিছু চোরাকারবারী বাংলাদেশে আমদানী নিষিদ্ধ ভারতীয় তৈরি ফেন্সিডিল পদ্মা নদী পার হয়ে কাটাখালী থানার টাঙ্গন এলাকায় নিয়ে আসবে।

এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের গোয়েন্দা পুলিশের টিমটি অভিযানের উদ্দেশ্যে রাত সোয়া ৪ টায় টাংগন বালুরঘাটে পৌছায় এবং রাস্তার উপর একটি প্লাস্টিকের বস্তা দেখতে পায়। বস্তার মুখ খুলে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন। ধারনা করা হচ্ছে- পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা ফেন্সিডিলের বস্তা ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত ঘটনার আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
BBS cable ad

সারাদেশ এর আরও খবর: