আবদুল হাই শিকদারের ১০ হাজার বই সংরক্ষণে ইউজিসি
বুধবার (৮ জুলাই) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদারের ব্যক্তিগত সংগ্রহে থাকা প্রায় ১০ হাজার বই সংরক্ষণের উদ্যোগ নিয়েছে। এ বইগুলো রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে তাঁর নামে একটি বিশেষ কর্নার বা পৃথক স্থানে সংরক্ষণ করা হবে।
আজ ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সঙ্গে আবদুল হাই শিকদার ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকত আলীর বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
ইউজিসি চেয়ারম্যান বলেন, এটি দেশের জ্ঞান ও গবেষণার গুরুত্বপূর্ণ সম্পদ। বইগুলো যথাযথভাবে সংরক্ষণ, তালিকাভুক্তকরণ এবং পর্যায়ক্রমে ডিজিটাল আর্কাইভে যুক্ত করা হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্মের গবেষক ও শিক্ষার্থীরা সেগুলো ব্যবহার করতে পারেন। তিনি আগামী ডিসেম্বরের মধ্যে বই সংগ্রহ ও সংরক্ষণের ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অনুরোধ জানান।
আবদুল হাই শিকদার জানান, তাঁর সংগ্রহে বাংলা ভাষা ও সাহিত্য, ইতিহাস, গবেষণা, বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ের প্রায় ১০ হাজার বই রয়েছে। এর মধ্যে প্রায় তিন হাজার দুর্লভ বই দ্রুত সংরক্ষণ না করলে নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। তিনি পুরো সংগ্রহ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে দান করতে চান।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকত আলী বলেন, আবদুল হাই শিকদারের নামে একটি বিশেষ কর্নার প্রতিষ্ঠা বা পৃথক স্থানে বইগুলো সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে, যা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারকে আরও সমৃদ্ধ করবে।


