শিরোনাম

South east bank ad

নিরাপদ খাদ্যে যুক্তরাষ্ট্রের সহায়তা চাইলেন খাদ্যমন্ত্রী

 প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন   |   মন্ত্রী

নিরাপদ খাদ্যে যুক্তরাষ্ট্রের সহায়তা চাইলেন খাদ্যমন্ত্রী
 নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, আমদানিকৃত খাদ্যশস্যের মান পরীক্ষা এবং দীর্ঘমেয়াদে খাদ্যশস্য সংরক্ষণব্যবস্থার উন্নয়নে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চেয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি।

রবিবার (২৫ অক্টোবর)  সচিবালয়ে খাদ্যমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ সহায়তা চান।

সাক্ষাৎকালে আমদানিকৃত চাল ও গমের গুণগত মান পরীক্ষার সক্ষমতা বাড়াতে চট্টগ্রাম ও মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ ও কারিগরি সহায়তা দেওয়ার অনুরোধ জানান খাদ্যমন্ত্রী।

তিনি বলেন, বাংলাদেশের আবহাওয়াগত বাস্তবতার কারণে দীর্ঘমেয়াদে চাল ও গম সংরক্ষণে বিভিন্ন চ্যালেঞ্জ রয়েছে। এ ক্ষেত্রে খাদ্যশস্য সংরক্ষণ প্রযুক্তি ও ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞদের অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়ে আলোচনা হয়।

জবাবে মার্কিন রাষ্ট্রদূত নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে কারিগরি সহায়তার বিষয়ে যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞদের সহযোগিতার সম্ভাবনা বিবেচনার আশ্বাস দেন।

সাক্ষাতে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে গম আমদানি নিয়েও আলোচনা হয়। চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ে গম আমদানি সম্পন্ন হওয়া এবং এ ক্ষেত্রে কোনো সমস্যা না থাকায় উভয় পক্ষ সন্তোষ প্রকাশ করেন। এ সময় সম্প্রতি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত গমবাহী জাহাজ পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরেন খাদ্যমন্ত্রী।

সাক্ষাতে যুক্তরাষ্ট্রের অ্যাগ্রিকালচারাল অ্যাটাশে এরিন কোভার্ট, খাদ্য সচিব আবু তাহের মো. মাসুদ রানা, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মু. জসীম উদ্দিন খানসহ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: