শিরোনাম

South east bank ad

বিশ্বের সেরা রোবটিক্স প্রতিযোগিতায় বাংলাদেশের তরুণদের পদকজয়

 প্রকাশ: ০২ জুন ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন   |   সারাদেশ

বিশ্বের সেরা রোবটিক্স প্রতিযোগিতায় বাংলাদেশের তরুণদের পদকজয়
যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত আন্তর্জাতিক রোবটিক্স প্রতিযোগিতা রোবোফেস্ট ২০২৬ বিশ্ব চ্যাম্পিয়নশিপে তৃতীয় স্থান অর্জন করে দেশের জন্য গৌরব বয়ে এনেছে বাংলাদেশের একদল তরুণ শিক্ষার্থী। প্রতিযোগিতার ‘বটলসুমো’ বিভাগের সিনিয়র ক্যাটাগরিতে অংশ নিয়ে বাংলাদেশ দল ট্রফি জিতে নেয়।

মার্কিন যুক্তরাষ্ট্রের Michigan অঙ্গরাজ্যের Southfield শহরে অবস্থিত Lawrence Technological University-এ ১৪ থেকে ১৬ মে অনুষ্ঠিত ২৭তম রোবোফেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা নিজেদের তৈরি ও প্রোগ্রাম করা স্বয়ংক্রিয় রোবটের দক্ষতা প্রদর্শন করে।

সাত সদস্যের বাংলাদেশ দলের ছয়জন ছিলেন International Hope School Bangladesh-এর শিক্ষার্থী এবং একজন ছিলেন সিলেটের একটি জাতীয় শিক্ষাক্রমভিত্তিক কলেজের শিক্ষার্থী। দলটি প্রশিক্ষণ ও তত্ত্বাবধান পেয়েছে Robonauts Club থেকে।

দলের কোচ ও Robonauts Ltd-এর প্রধান নির্বাহী পরিচালক মো. মুনজুর মোরশেদ বলেন, এই অর্জন শুধু একটি ট্রফি জয়ের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, সৃজনশীলতা, নেতৃত্ব ও সমস্যা সমাধানের দক্ষতারও প্রতিফলন।

তিনি বলেন, সঠিক প্রশিক্ষণ ও সুযোগ পেলে বাংলাদেশের শিক্ষার্থীরা বৈশ্বিক STEM ও রোবটিক্স অঙ্গনে সমানভাবে প্রতিযোগিতা করতে সক্ষম।

রোবোফেস্টের সহকারী পরিচালক Shannan Palonis বাংলাদেশ দলের সাফল্যকে আন্তর্জাতিক STEM ও রোবটিক্স প্ল্যাটফর্মে দেশের শিক্ষার্থীদের সক্ষমতার প্রমাণ হিসেবে উল্লেখ করেন।

শিক্ষার্থীরা জানান, প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে তারা শুধু রোবট নির্মাণ নয়, বরং কৌশল নির্ধারণ, দলগত সমন্বয়, ধৈর্য এবং চাপের মধ্যে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার মতো গুরুত্বপূর্ণ দক্ষতা অর্জনের সুযোগ পেয়েছেন।

বাংলাদেশভিত্তিক STEM ও রোবটিক্স শিক্ষা প্ল্যাটফর্ম Robonauts Club দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের হাতে-কলমে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত শিক্ষার পাশাপাশি আন্তর্জাতিক রোবটিক্স প্রতিযোগিতার জন্য প্রস্তুত করতে কাজ করে যাচ্ছে। এই সাফল্য দেশের রোবটিক্স ও STEM শিক্ষার অগ্রযাত্রায় নতুন অনুপ্রেরণা হিসেবে বিবেচিত হচ্ছে।

BBS cable ad