দেশে বাংলা কিউআর চালু করল মাস্টারকার্ড এসএসএলকমার্জ ও এমটিবি
মাস্টারকার্ড ও পেমেন্ট গেটওয়ে সংযোগকারী প্রতিষ্ঠান এসএসএলকমার্জ সম্প্রতি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের (এমটিবি) সঙ্গে সহযোগিতার ভিত্তিতে বাংলাদেশে প্রথমবারের মতো হোয়াইট লেবেল কুইক রেসপন্স (কিউআর) অ্যাকুয়ারিং প্লাটফর্ম চালু করেছে।
এসএসএলকমার্জের এমডি সাইফুল ইসলাম বলেন, এ যাত্রায় মাস্টারকার্ড ও এমটিবিকে আমাদের সহযোগী হিসেবে পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। কিউআর পেমেন্ট একটি আধুনিক ও নিরাপদ ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা। এটির জন্য বিক্রেতাদের দোকানে আলাদা করে কোনো ডিভাইস বা প্রিন্টার রাখতে হবে না। এমনকি বিদ্যুৎ না থাকলেও কোনো সমস্যা নেই। শুধু একটা কিউআর কোড কাগজে ছাপিয়ে রেখে দিলেই হবে, যা মোবাইল দিয়ে স্ক্যান করে ক্রেতারা পেমেন্ট করতে পারবেন।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের গ্রুপ এমডি ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান বলেন, দিনবদলের এ প্রচেষ্টায় মাস্টারকার্ড ও এসএসএলকমার্জকে সহযোগিতা করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা বিশ্বাস করি, গ্রাহকদের অর্থ লেনদেনের সক্ষমতা বাড়ানোর মাধ্যমে এ উদ্যোগ সরকারের ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য পূরণে সহায়ক ভূমিকা পালন করবে।
মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, এসএসএলকমার্জ ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সঙ্গে পার্টনারশিপের ভিত্তিতে কিউআরভিত্তিক অ্যাকসেপ্টট্যান্স সলিউশন চালু করতে পেরে মাস্টারকার্ড আনন্দিত। এটি কার্ডহোল্ডারদের দৈনন্দিন লেনদেন আরও সহজ ও দ্রুততর করবে।


