শিরোনাম

South east bank ad

দুই সীমান্তে ২৪ জনকে পুশ-ইনের চেষ্টা বিএসএফের

 প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন   |   বিজিবি

দুই সীমান্তে ২৪ জনকে পুশ-ইনের চেষ্টা বিএসএফের
বৈরী আবহাওয়ার মধ্যে দুই জেলার সীমান্ত দিয়ে ২৪ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে বিএসএফ। এদের মধ্যে মৌলভীবাজারে ২০ জন ও মেহেরপুরে ৪ জন রয়েছেন। তবে বিজিবির কঠোর প্রতিরোধের মুখে বিএসএফের পুশ-ইনের চেষ্টা ব্যর্থ হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর—

মৌলভীবাজার: জেলার বড়লেখা উপজেলার লাতু-পাল্লাথল সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ২০ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবির কঠোর প্রতিরোধের মুখে তাদের সে চেষ্টা ব্যর্থ হয়। গতকাল বিকালে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তারা সীমান্তের শূন্যরেখায় ভারতের আসাম অংশের একটি খোলা মাঠে অবস্থান করছে।

বিজিবি ও সীমান্ত এলাকার বাসিন্দারা জানান, গত বৃহস্পতিবার সকাল থেকে এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। বৈরী আবহাওয়ার কারণে সীমান্তবর্তী এলাকায় মানুষের চলাচলও কমে যায়। মধ্যরাতে বড়লেখা উপজেলার লাতু-পাল্লাথল সীমান্তের পাহাড়ি এলাকা দিয়ে ২০ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করে বিএসএফ।

বিষয়টি নিশ্চিত করে ৫২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন বলেন, ‘এ ঘটনায় পর সংশ্লিষ্ট সীমান্ত এলাকায় নিরাপত্তা আরো জোরদার করেছে বিজিবি।’

মেহেরপুর: জেলার রংমহল সীমান্তে চারজন পুরুষকে পুশ-ইনের চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবির প্রতিরোধের মুখে গতকাল সকালে তাদের ফেরত নিতে বাধ্য হয় বিএসএফ।

কুষ্টিয়া ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, ‘গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে গত বৃহস্পতিবার রাত ২টার দিকে রংমহল সীমান্তের কাঁটাতারের গেট খুলে চার পুরুষকে বাংলাদেশ সীমান্তে ঠেলে দেয়ার চেষ্টা করে বিএসএফ। বিজিবির গোয়েন্দা তথ্যের মাধ্যমে বিষয়টি জানতে পারে বিজিবি। পরে বিজিবির টহলরত দলটি তাদের বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশে বাধা দেয়। তারা শূন্যরেখায় অবস্থান নেয়। পরে সকাল সাড়ে ৭টার দিকে তাদের ফেরত নিতে বাধ্য হয় বিএসএফ। কাঁটাতারের গেট খুলে তাদের নিয়ে যায় বিএসএফ।’
BBS cable ad