ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা, পিস্তল-গুলি উদ্ধার
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে ২ লাখ ৪৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, একটি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধীনস্থ ঘুমধুম বিওপির সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদককারবারী মিয়ানমার থেকে বিদেশি অস্ত্র, গোলাবারুদ ও ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে পাচার করবে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কক্সবাজার ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান আশিকের নেতৃত্বে বিজিবির একটি আভিযানিকদল গতরাতে সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
এসময় সীমান্ত পিলার-৩১ এর নিকটবর্তী নয়াপাড়া নামক স্থানে কতিপয় চোরাকারবারীকে আসতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে।
উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও ইয়াবা ট্যাবলেটের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় বিজিবি।
এ ব্যাপারে কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অস্ত্র উদ্ধারে সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ।
কক্সবাজার ব্যাটালিয়ন সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধসহ বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। বিজিবির এ ধরনের কার্যকর তৎপরতায় সীমান্তবর্তী জনসাধারণের মধ্যে নিরাপত্তাবোধ ও আস্থা আরও সুদৃঢ় হচ্ছে। সীমান্ত সুরক্ষা ও মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


