শিরোনাম

South east bank ad

ডিএফটি অডিটে শাহজালাল-ওসমানীর নিরাপত্তায় অগ্রগতি

 প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন   |   মন্ত্রণালয়

ডিএফটি অডিটে শাহজালাল-ওসমানীর নিরাপত্তায় অগ্রগতি

যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্টের (ডিএফটি) সাম্প্রতিক নিরাপত্তা অডিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ৯৪ শতাংশ এবং সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ৯৮ শতাংশ স্কোর পেয়েছে। গত বছরের তুলনায় দুই বিমানবন্দরেরই নিরাপত্তা ব্যবস্থায় অগ্রগতি হয়েছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

জানা যায়, ২০২৫ সালের ডিএফটি মূল্যায়নে শাহজালাল বিমানবন্দর ৯৩ শতাংশ এবং ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ৯৪ শতাংশ স্কোর পেয়েছিল। এক বছরের ব্যবধানে শাহজালালের স্কোর বেড়েছে ১ শতাংশ এবং ওসমানীর ৪ শতাংশ।

যুক্তরাজ্যগামী যাত্রী, কার্গো ও মেইলের নিরাপত্তাব্যবস্থা মূল্যায়নের অংশ হিসেবে ডিএফটি এ অডিট পরিচালনা করে।
এবারের অডিটে কার্গো পরিবহনের নিরাপত্তায় বাংলাদেশ শতভাগ কমপ্লায়েন্স অর্জন করেছে বলে জানিয়েছে বেবিচক।

বেবিচকের কর্মকর্তারা বলছেন, কার্গো নিরাপত্তায় শতভাগ কমপ্লায়েন্স অর্জনের ফলে ২০১৭ সাল থেকে ইউরোপীয় ইউনিয়নের ‘হাই রিস্ক কার্গো অ্যান্ড মেইল’ (এইচআরসিএম)–সংক্রান্ত অতিরিক্ত নিরাপত্তা শর্ত ও বিধিনিষেধ প্রত্যাহারের প্রক্রিয়ায় অগ্রগতি হতে পারে।

আগামী ২৬ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) অডিট হওয়ার কথা রয়েছে। এর আগে ডিএফটি অডিটের ফলাফল বেবিচক ও বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থার জন্য ইতিবাচক ভিত্তি তৈরি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমোডর মো. আসিফ ইকবাল বলেন, ‘বেবিচকের এভিয়েশন সিকিউরিটি ডিভিশন, বিমানবন্দর কর্তৃপক্ষ এবং অন্যান্য অংশীজনের সমন্বিত প্রচেষ্টায় এই অর্জন সম্ভব হয়েছে।’

এ ক্ষেত্রে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বেবিচক চেয়ারম্যানের দিকনির্দেশনাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানান তিনি।

BBS cable ad