১ জুলাই থেকে বেতনকাঠামো, ২৮ সালে ভাতা কার্যকর
সরকারি চাকরিজীবীদের নতুন বেতনকাঠামোর গেজেট প্রকাশ করেছে সরকার। এতে বিভিন্ন গ্রেডে মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে।
গত ১ জুলাই থেকে নতুন বেতনকাঠামো কার্যকর ধরা হয়েছে। তবে মূল বেতন ধাপে ধাপে কার্যকর হবে। ভাতা কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে।
অর্থ বিভাগ গত বৃহস্পতিবার বেতনকাঠামোর গেজেট জারি করে।
গতকাল শনিবার তা প্রকাশ করা হয়। ১ জুলাই থেকে কার্যকর হওয়ায় সরকারি চাকরিজীবীরা দুই মাসের বাড়তি মূল বেতন বকেয়া হিসেবে পাবেন।
গেজেট অনুযায়ী, চলতি বছরের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা নতুন কাঠামোর বাড়তি মূল বেতনের ৪০ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা ৫০ শতাংশ পাবেন। ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত এ হার হবে যথাক্রমে ৭০ ও ৭৫ শতাংশ।
২০২৭ সালের ১ জুলাই থেকে শতভাগ মূল বেতন কার্যকর হবে। ভাতা কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে।
নতুন কাঠামোয় মন্ত্রিপরিষদসচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও সমমর্যাদার পদে মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭২ হাজার টাকা। এ বেতন আগে ছিল ৮৬ হাজার টাকা। জ্যেষ্ঠ সচিব ও সমমর্যাদার পদে বেতন ৮২ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ১ লাখ ৬৪ হাজার টাকা।


