জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তামাকমুক্ত ঘোষণা
মঙ্গলবার (৭ জুলাই) জনস্বাস্থ্য সুরক্ষা ও পরোক্ষ ধূমপানের ক্ষতিকর প্রভাব থেকে অধূমপায়ীদের রক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে শতভাগ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারমুক্ত এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে।
আজ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় অধিদপ্তরের পরিচালক (হর্টিকালচার উইং) ড. মো. হজরত আলী এ ঘোষণা দেন।
তিনি বলেন, অধিদপ্তরের সব কার্যালয় প্রাঙ্গনে সিগারেট, বিড়ি, জর্দা, গুল, সাদাপাতাসহ সব ধরনের তামাকজাত দ্রব্যের ব্যবহার, বিক্রয় ও প্রচার নিষিদ্ধ থাকবে। কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহীতাদের পরোক্ষ ধূমপানের ক্ষতি থেকে সুরক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা জানান, বাংলাদেশে তামাক ব্যবহারের হার ৩৫ দশমিক ৩ শতাংশ। গ্যাটস ২০১৭-এর তথ্য অনুযায়ী, প্রায় ৩ কোটি ৮৪ লাখ মানুষ কর্মক্ষেত্র ও জনসমাগমস্থলে পরোক্ষ ধূমপানের শিকার হন। এছাড়া তামাক ব্যবহারের কারণে স্বাস্থ্য ও পরিবেশগত ক্ষতির আর্থিক মূল্য সরকারের রাজস্ব আয়ের দ্বিগুণেরও বেশি।
সভাপতির বক্তব্যে ক্রপস উইংয়ের পরিচালক ড. সালমা লাইজু বলেন, অধিদপ্তরের প্রায় ৬০০ কার্যালয়ে কর্মরত প্রায় ৮৬ হাজার কর্মকর্তা-কর্মচারী এবং সেবা নিতে আসা কৃষকরা এ উদ্যোগের মাধ্যমে তামাকের ক্ষতিকর প্রভাব থেকে আরও সুরক্ষা পাবেন।
সভা শেষে অধিদপ্তরের বিভিন্ন স্থানে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারবিরোধী গণবিজ্ঞপ্তি, সাইনবোর্ড ও স্টিকার স্থাপন করা হয়।


