জাতীয় জাদুঘরে তাদাও আন্দোর শিশু গ্রন্থাগার
মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ জাতীয় জাদুঘর প্রাঙ্গণে বিশ্বখ্যাত জাপানি স্থপতি তাদাও আন্দোর নকশায় নির্মিতব্য আধুনিক শিশু গ্রন্থাগার দ্রুত বাস্তবায়নে জোরালো আশ্বাস দিয়েছে জাপান।
আজ সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচির সৌজন্য সাক্ষাতে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে দুই দেশের সাংস্কৃতিক সহযোগিতা সম্প্রসারণ, ঐতিহ্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ যৌথ কর্মপরিকল্পনা নিয়েও মতবিনিময় হয়।
বৈঠকে সংস্কৃতি মন্ত্রী বলেন, স্বাধীনতার পর থেকেই জাপান বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত উন্নয়ন সহযোগী। দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের পাশাপাশি সাংস্কৃতিক সহযোগিতা আরও জোরদারের সুযোগ রয়েছে। এ লক্ষ্যে ২০০৫ সালের সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি (সিইপি) যুগোপযোগী করে নবায়নের প্রস্তাবও দেন তিনি।
আলোচনায় জাতীয় জাদুঘরে তাদাও আন্দোর নকশায় নির্মাণাধীন বাংলাদেশ চিলড্রেনস লাইব্রেরি প্রকল্প বিশেষ গুরুত্ব পায়। ২০২৩ সালে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, এই গ্রন্থাগার বাংলাদেশ-জাপান বন্ধুত্বের প্রতীক হয়ে উঠবে এবং শিশুদের সৃজনশীলতা ও জ্ঞানচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি প্রকল্পটি দ্রুত বাস্তবায়নে জাপান দূতাবাসের সহযোগিতা কামনা করেন।
জবাবে রাষ্ট্রদূত সাইদা শিনিচি বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রশংসা করে বলেন, সাংস্কৃতিক সম্পদ সংরক্ষণ, জাদুঘরের আধুনিকায়ন, প্রত্নতাত্ত্বিক সংরক্ষণ, শিল্পী ও সাংস্কৃতিক প্রতিনিধি বিনিময় এবং গ্রন্থাগার ও আর্কাইভ খাতের উন্নয়নে জাপানের সহযোগিতা অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, বাংলাদেশ আয়োজিত এশিয়ান আর্ট বিয়েনালেতে জাপান আগের মতোই নিয়মিত অংশগ্রহণ করবে।
বৈঠক শেষে উভয় পক্ষ শুভেচ্ছা স্মারক ও ক্রেস্ট বিনিময় করেন।


