শিরোনাম

South east bank ad

অপরাধ দমন ও এআইভিত্তিক ট্রাফিক ব্যবস্থায় বড় পরিবর্তনের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

 প্রকাশ: ০২ জুন ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন   |   মন্ত্রী

অপরাধ দমন ও এআইভিত্তিক ট্রাফিক ব্যবস্থায় বড় পরিবর্তনের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর
মঙ্গলবার (২ জুন) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে আইনের শাসন সুপ্রতিষ্ঠা, অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনা এবং রাজধানীর ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নে সরকার দৃঢ়ভাবে কাজ করছে। তিনি জানান, অপরাধী যত প্রভাবশালীই হোক, আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে।

সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, আলোচিত রামিসা হত্যা মামলার বিচার দ্রুত এগিয়ে চলছে। ১২ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে এবং প্রসিকিউশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে যাতে দ্রুত বিচার সম্পন্ন করা যায়।

মুন্সিগঞ্জের গজারিয়ায় কিশোরী ধর্ষণ ও হত্যা মামলায় আধুনিক প্রযুক্তির সহায়তায় চার আসামিকে গ্রেপ্তার এবং তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিকে আইনশৃঙ্খলা বাহিনীর গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে উল্লেখ করেন তিনি।

আদ্-দ্বীন হাসপাতালে নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এয়ারকন্ডিশনিং ব্যবস্থা ও অন্যান্য কারিগরি ত্রুটির বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। একই হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনাকে তিনি ন্যক্কারজনক উল্লেখ করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

ঢাকার ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী জানান, প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও স্বয়ংক্রিয় ক্যামেরা প্রযুক্তির মাধ্যমে ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। এর মাধ্যমে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে স্বয়ংক্রিয়ভাবে মামলা ও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। আগামী এক থেকে দুই মাসের মধ্যে রাজধানীর ট্রাফিক ব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন আসবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা ও টমটম নিয়ন্ত্রণে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছে সরকার, যাতে চালকদের বিকল্প কর্মসংস্থান নিশ্চিত করা যায়।

সীমান্ত নিরাপত্তা, মাদক পাচার রোধ এবং সম্ভাব্য অবৈধ ‘পুশ-ইন’ ইস্যুতে সরকার ও সীমান্তরক্ষী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও ব্রিফিংয়ে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

প্রেস ব্রিফিংয়ে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: