নৌপথের ঐতিহ্য ও জনআস্থা ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: নৌপরিবহন প্রতিমন্ত্রী
রবিবার (৩১ মে) নৌপরিবহন প্রতিমন্ত্রী মোঃ রাজিব আহসান বলেছেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথে যাত্রীদের নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। ঈদ শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন রাখতে দেশের গুরুত্বপূর্ণ ফেরিঘাট ও নদীবন্দরগুলোতে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে।
আজ দুপুরে চাঁদপুর নদী বন্দর পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, বড় বড় ঘাটে নিবিড় পর্যবেক্ষণ চালানো হচ্ছে যাতে যাত্রীদের কোনো ধরনের ভোগান্তির শিকার হতে না হয়। ঘাট ও নৌপথের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
চাঁদপুর আধুনিক নৌ টার্মিনালের নির্মাণকাজ সম্পর্কে তিনি বলেন, টার্মিনালের কিছু অংশের কাজ সম্পন্ন হলেও ৫ আগস্ট-পরবর্তী সময়ে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ বন্ধ রেখেছে। ফলে নতুন ঠিকাদার নিয়োগের মাধ্যমে অবশিষ্ট কাজ দ্রুত শেষ করা হবে। টার্মিনালের কাজ সম্পন্ন হলে চাঁদপুর নদী বন্দর তার হারানো ঐতিহ্য ও গুরুত্ব পুনরুদ্ধার করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
নৌপথে জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, নৌপথ সচল ও নিরাপদ রাখতে ড্রেজিং কার্যক্রম আরও জোরদার করা হবে। একই সঙ্গে দেশের নৌবন্দরগুলোকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলতে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে।
তিনি আরও বলেন, পন্টুন আধুনিকায়ন, নিয়মিত ড্রেজিং এবং নৌ অবকাঠামোর উন্নয়নের মাধ্যমে নৌপথকে আরও কার্যকর ও যাত্রীবান্ধব করা হবে। পাশাপাশি সময়ের সঙ্গে তাল মিলিয়ে উচ্চগতির ও আধুনিক নৌযান পরিচালনার উদ্যোগও নেওয়া হচ্ছে।
পরিদর্শনকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা, চাঁদপুর জেলা পরিষদ-এর চেয়ারম্যান অ্যাডভোকেট সেলিম উল্লাহ সেলিমসহ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তর-সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


