বিআইডব্লিউটিএ’র নতুন চেয়ারম্যান মোঃ মুহিদুল ইসলাম
মঙ্গলবার (২ জুন) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মুহিদুল ইসলাম।
এর আগে তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (নিরাপত্তা) হিসেবে দায়িত্ব পালন করেন।
পাশাপাশি মাঠ প্রশাসনে কিশোরগঞ্জ ও রাজবাড়ীসহ বিভিন্ন জেলায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
মোঃ মুহিদুল ইসলাম জাতিসংঘের বিশেষায়িত সংস্থা ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও) পরিচালিত বিশ্ব নৌ বিশ্ববিদ্যালয় থেকে মেরিটাইম অ্যাফেয়ার্স বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন।
নৌপরিবহন খাতে তাঁর দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতা বিআইডব্লিউটিএ’র কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।


