বিএসটিআইয়ের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা
রবিবার (২৬ জুলাই) বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) পরিচালিত তিনটি পৃথক মোবাইল কোর্ট অভিযানে এসিআই গোদরেজ, আফতাব ফিডসহ সাতটি প্রতিষ্ঠানকে মোট ১৪ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ প্রকাশিত বিএসটিআইয়ের তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জের রূপগঞ্জে মান সনদ ও মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ছাড়া পোল্ট্রি ও ফিশ ফিড উৎপাদন এবং বাজারজাত করার দায়ে এসিআই গোদরেজ এগ্রোভেট প্রাইভেট লিমিটেড ও আফতাব ফিড প্রোডাক্টস লিমিটেডকে চার লাখ টাকা করে জরিমানা করা হয়। একই অপরাধে জিউজো ইন্ডাস্ট্রি লিমিটেডকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অন্যদিকে রাজধানীর বসিলায় বিভিন্ন প্রতিষ্ঠানের নামের সঙ্গে সাদৃশ্য রেখে হ্যান্ড ওয়াশ ও লিকুইড টয়লেট ক্লিনার উৎপাদন ও বাজারজাত করার দায়ে আমান কনজ্যুমার অ্যান্ড টয়লেট্রিজ ও স্ট্যান্ডার্ড কনজ্যুমার অ্যান্ড টয়লেট্রিজকে মোট তিন লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া হাজারীবাগে বিএসটিআইয়ের মান সনদ ছাড়া মিষ্টি, বিস্কুট ও লাচ্ছা সেমাই বিক্রির দায়ে ‘মিঠাই’কে এক লাখ টাকা এবং মান সনদ ছাড়া মিষ্টি ও দই উৎপাদন-বাজারজাত করার দায়ে ‘অপূর্ব আনন্দ জল খাবার’কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানগুলো পরিচালনা করেন বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহার, লুৎফুন্নেসা খানম এবং মো. মাহবুবুল ইসলাম। অভিযানে বিএসটিআইয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


