ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০০
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় মামলা করা হয়েছে ৫৩টি।
অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, ভারতীয় শাড়ি, যানবাহন ও বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩১ জন, লালবাগ বিভাগে ৪০ জন, ওয়ারী বিভাগে ৫৮ জন, মতিঝিল বিভাগে ৬৩ জন, তেজগাঁও বিভাগে ৭১ জন, মিরপুর বিভাগে ১৩৬ জন, গুলশান বিভাগে ৫৭ জন, উত্তরা বিভাগে ৩২ জন, গোয়েন্দা বিভাগে ১০ জন এবং সিটিটিসি বিভাগে দুজন রয়েছেন। অভিযানকালে চারটি মোটরসাইকেল, চারটি অটোরিকশা, পাঁচটি ভুয়া নম্বর প্লেট, এক হাজার ২৬৬ পিস ভারতীয় শাড়ি, দুটি মনিটর, আটটি মোবাইল ফোন, চুরির কাজে ব্যবহৃত ১৬টি ডালি, আটটি চাবি, একটি কাটার কাঁচি ও একটি ছিটকিনি উদ্ধার করা হয়।
এ ছাড়া ২৬ কেজি ১৬০ গ্রাম গাঁজা, সাত হাজার ২১২ পিস ইয়াবা, পাঁচ দশমিক পাঁচ গ্রাম হেরোইন এবং ৪৪০ বোতল এসকাফ সিরাপ (ফেনসিডিল) উদ্ধার করা হয়েছে।
ডিএমপির এ কর্মকর্তা আরও জানান, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।


