সিএমপির ৫ থানায় ওসি পদে রদবদল
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানায় ওসি পদে রদবদল করা হয়েছে। রবিবার (২৩ আগস্ট) সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এই রদবদল করা হয়।
অফিস আদেশে কর্ণফুলী থানার ওসি ইখতিয়ার উদ্দিনকে স্থানান্তরিত করে বায়েজিদ বোস্তামী থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক (নিরস্ত্র) নূর আহমদ পেয়েছেন কর্ণফুলী থানার ওসির দায়িত্ব। খুলশী থানার ওসি মোজাম্মেল হককে বদলি করা হয়েছে পাঁচলাইশ থানায়। অপরদিকে পাঁচলাইশ থানার বিদায়ি ওসি মো. জাহেদুল ইসলামকে পাঠানো হয়েছে সিটিএসবিতে।
সিটিএসবির পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ আবদুর রহিমকে খুলশী থানার নতুন ওসি করা হয়েছে। গোয়েন্দা (ডিবি) পুলিশের বন্দর বিভাগের পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডলকে হালিশহর থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। সিটিএসবি থেকে পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ একরাম উল্লাহকে সদরঘাট থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
সিএমপি প্রশাসন জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ প্রদান করেছে।


