শিরোনাম

South east bank ad

ঈদের ছুটিতে ঢাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ছিল স্থিতিশীল: ডিএমপি

 প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন   |   মেট্রোপলিটন পুলিশ

ঈদের ছুটিতে ঢাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ছিল স্থিতিশীল: ডিএমপি

পবিত্র ঈদুল আজহার ছুটির সময়ে রাজধানীতে বড় ধরনের কোনো দুর্ঘটনা, নাশকতা বা সন্ত্রাসী কর্মকাণ্ড ছাড়াই আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল ছিল বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে গত মে মাসে জননিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং সদ্য সমাপ্ত ঈদুল আজহা উপলক্ষে গৃহীত নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

ডিএমপি কমিশনার বলেন, ঈদকে কেন্দ্র করে পশুর হাট, বাস ও লঞ্চ টার্মিনাল, রেলস্টেশন, শপিংমল, আর্থিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠান, ঈদের জামাতের স্থান, আবাসিক এলাকা এবং ফাঁকা বাসাবাড়ির নিরাপত্তা নিশ্চিতে ডিএমপির সব ইউনিট সমন্বিতভাবে কাজ করেছে।

তিনি জানান, গত এক মাসে বিশেষ অভিযান চালিয়ে ৬৫৮ জন চাঁদাবাজ, ৯৭১ জন ছিনতাইকারী এবং ১ হাজার ২১৫ জন মাদক কারবারিসহ মোট ২ হাজার ৮৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৭৪৪ কেজি গাঁজা, ১ লাখ ৭৯ হাজার ইয়াবা, ৪০৫ গ্রাম হেরোইন, ১ হাজার ২৮১ বোতল ফেনসিডিল, ২৮ লিটার দেশি-বিদেশি মদ, ২৯ গ্রাম আইস, ছয়টি আগ্নেয়াস্ত্র, ২১ রাউন্ড গুলি, চারটি ম্যাগাজিন, ১১টি ককটেল ও ১২টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

এছাড়া অনলাইন জুয়া, সাইবার প্রতারণা ও অবৈধ ডিজিটাল আর্থিক লেনদেন চক্রের সঙ্গে জড়িত ছয়জন চীনা নাগরিকসহ মোট নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ৫২৩টি মোবাইল ফোন, ২৯৩টি সিম কার্ড, চারটি মাইক্রোবাস, ছয়টি প্রাইভেটকার, একটি কাভার্ড ভ্যান, একটি বাস, নয়টি সিএনজি ও ১৫টি মোটরসাইকেল।

সংবাদ সম্মেলনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার অগ্রগতি প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, ঘটনার সাত ঘণ্টার মধ্যেই আসামিকে গ্রেপ্তার করা হয় এবং সে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। রামিসা হত্যা মামলার ষষ্ঠ দিনেই আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজধানীর প্রতিটি এলাকায় ছিনতাই প্রতিরোধে ইউনিফর্ম ও সাদা পোশাকে পুলিশ মোতায়েন রয়েছে। এআইভিত্তিক ট্রাফিক ক্যামেরার নামে ভুয়া মামলা ও জরিমানার বার্তা প্রসঙ্গে মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, এ ধরনের ফিশিং লিংকের সন্ধান পেয়েছে পুলিশ এবং সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে সাইবার টিম কাজ করছে। নগরবাসীকে এসব ভুয়া লিংক এড়িয়ে চলারও আহ্বান জানান তিনি।

রামিসা হত্যা মামলায় অন্য ব্যক্তির সম্পৃক্ততার দাবি প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত করতেই আসামিপক্ষ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তদন্তে চার্জশিটভুক্ত আসামিদের বাইরে অন্য কারও সম্পৃক্ততার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

BBS cable ad

মেট্রোপলিটন পুলিশ এর আরও খবর: