অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হবে না: ডিএমপি কমিশনার
ঢাকাকে নিরাপদ ও সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে অপরাধ, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। তিনি বলেন, অপরাধী যেই হোক না কেন, তার রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হবে না।
বুধবার (২০ মে) সকাল ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন ডিএমপি কমিশনার।
লিখিত বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, ঢাকা মহানগরীতে প্রায় তিন কোটি মানুষের বসবাস। এই নগরীতে ছিনতাই, চাঁদাবাজি, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদকের বিস্তার, অনলাইন জুয়া, সাইবার প্রতারণা ও হ্যাকিংয়ের মতো অপরাধের বিরুদ্ধে প্রথম থেকে ডিএমপির বিশেষ অভিযান শুরু হয়েছে। নাগরিকদের ডিজিটাল নিরাপত্তা দিতে সাইবার ইউনিটকে ক্রমশ শক্তিশালী করা হচ্ছে। সম্প্রতি ডিএমপির সিটিটিসির অধীনে স্থাপিত ডিজিটাল ফরেনসিক ল্যাব আইসিটি মন্ত্রণালয়ের স্বীকৃতি লাভ করেছে, যা সাইবার সুরক্ষা আইনের মামলার তদন্তে বড় ভূমিকা রাখবে।


