শিরোনাম

South east bank ad

নির্বাচনী কার্যক্রম নজরদারি করবে নিয়ন্ত্রণ কক্ষ

 প্রকাশ: ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন   |   দেশ

নির্বাচনী কার্যক্রম নজরদারি করবে নিয়ন্ত্রণ কক্ষ

নির্বাচনকালীন কার্যক্রম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সার্বক্ষণিক তদারকি ও নিয়ন্ত্রণের লক্ষে সমন্বিত অপারেশন্স কমান্ড অ্যান্ড কন্ট্রোল রুম স্থাপন করেছে চট্টগ্রাম জেলা পুলিশ।

আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ে অবস্থিত অপারেশন্স কমান্ড ও কন্ট্রোল রুম পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন এবং চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি (অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. আহসান হাবীব পলাশ।

তাঁরা অপারেশন্স কমান্ড ও কন্ট্রোল রুমে স্থাপিত বডি-ওর্ন ক্যামেরা ওয়ার্কস্টেশন, লাইভ লোকেশন মনিটরিং সিস্টেম, ডিজিটাল অপারেশনাল ম্যাপসহ নির্বাচনকালীন সার্বিক পর্যবেক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন।

পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষায় চট্টগ্রাম জেলা পুলিশের প্রস্তুতি, সক্ষমতা ও পেশাদারিত্বে সন্তোষ প্রকাশ করেন।

জেলা পুলিশের কর্মকর্তারা জানান, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ১১৯টি মোবাইল টিম ও ৩০টি স্ট্রাইকিং পার্টিকে এই নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণের আওতায় আনা হয়েছে। পাশাপাশি চট্টগ্রাম জেলার ১৭টি থানার সব ওসিসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা রিয়েল টাইমে প্রতিটি মোবাইল টিম ও স্ট্রাইকিং পার্টির কার্যক্রম পর্যবেক্ষণ করতে পারবেন।

এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের ব্যবহৃত ৪৬৯টি বডি-ওর্ন ক্যামেরা অনলাইনে যুক্ত রয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে নিয়ন্ত্রণ কক্ষ থেকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ নিশ্চিত করা হবে।

প্রয়োজনে সরাসরি পর্যবেক্ষণ ও তাৎক্ষণিক যোগাযোগের মাধ্যমে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া সম্ভব হবে।

জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল বলেন, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত সব কর্মকর্তা ও ফোর্সের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করতে ওয়াকিটকি সাব-স্টেশন স্থাপন করা হয়েছে। মোবাইল ও স্ট্রাইকিং টিমের লাইভ লোকেশন পর্যবেক্ষণ করা যাচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট স্থানে দ্রুত পাঠানোর নির্দেশনা দেওয়া সম্ভব হচ্ছে।

মুখপাত্র আরো বলেন, সোশ্যাল মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়া পর্যবেক্ষণের ব্যবস্থাও রাখা হয়েছে।

মোবাইল ও স্ট্রাইকিং টিমের জন্য দ্রুত ও কার্যকর রুট নির্ধারণে গুগল ম্যাপ ব্যবহার করা হচ্ছে। জরুরি পরিস্থিতিতে দ্রুত সমন্বয় নিশ্চিত করতে পুলিশ, সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি, কোস্টগার্ড, আনসার, জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং প্রিসাইডিং অফিসারদের যোগাযোগসংক্রান্ত তথ্য সংরক্ষণ করা হয়েছে।

আধুনিক প্রযুক্তির মাধ্যমে অপারেশন্স কমান্ড ও কন্ট্রোল রুম থেকে নির্বাচন কার্যক্রম কার্যকরভাবে নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ করা হচ্ছে, যাতে যে কোনো পরিস্থিতিতে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা যায়। চট্টগ্রাম জেলা পুলিশ একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে দৃঢ় প্রতিজ্ঞ।

পরিদর্শনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ প্রমুখ।

BBS cable ad

দেশ এর আরও খবর: