শিরোনাম

South east bank ad

যৌথবাহিনীর অভিযানে পুলিশের লুুট হওয়া শর্টগানসহ আটক ১

 প্রকাশ: ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন   |   দেশ

যৌথবাহিনীর অভিযানে পুলিশের লুুট হওয়া শর্টগানসহ আটক ১

শেরপুর জেলার সদর উপজেলায় অভিযান চালিয়ে ১টি শর্টগানসহ চিহ্নিত এক সন্ত্রাসীকে আটক করেছে যৌথবাহিনী। সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোরে গোয়েন্দা সংস্থার গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী এলাকা থেকে অস্ত্রসহ হাতেনাতে আটক করা হয়। উদ্ধারকৃত অস্ত্র পুলিশ কেন্দ্র থেকে লুট হওয়া অস্ত্র বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে যৌথবাহিনী।

আটক হারেজ মিয়া (৩২) শেরপুর ওই এলাকার সাপমারী পশ্চিম সৈনিকপাড়া গ্রামের মৃত জুবেদ আলীর ছেলে।

যৌথবাহিনী সূত্রে জানা যায়, আটককৃত হারেজ মিয়ার থেকে উদ্ধার হওয়া শর্টগানটি ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থান চলাকালীন সময়ে পুলিশ কেন্দ্র থেকে লুট করা হয়েছিল বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ভাতশালা ইউনিয়নের সাপমারী এলাকায় সন্ত্রাসীদের অবস্থানের খবর পেয়ে তল্লাশি চালানো হয়। অভিযানে চিহ্নিত অস্ত্রধারী হারেজ মিয়াকে হাতেনাতে আটক করা হয় এবং তার কাছ থেকে শর্টগানটি উদ্ধার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আটককৃত ব্যক্তিকে উদ্ধারকৃত অস্ত্রসহ শেরপুর সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

সত্যতা নিশ্চিত করে শেরপুর সদর থানার ওসি সোহেল রানা বলেন, এ ঘটনায় অস্ত্র আইনে সদর থানায় একটি মামলা রেকর্ড করা হয়েছে। ওই মামলায় আটককৃত হারেজ মিয়াকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। যেকোনো অপরাধমূলক কর্মকান্ডে তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা বাহিনীকে প্রদান করে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

BBS cable ad

দেশ এর আরও খবর: