সাতক্ষীরায় ৬ কোটি টাকার ‘কুশ’ জব্দ, মোটরসাইকেলসহ ১ জনকে আটক করেছে বিজিবি
সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাঠি বাজারে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নতুন ধরনের মাদক ‘কুশ’ সহ মো. তারিকুজ্জামান (২৪) নামে এক তরুণকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের অধিবাসী ওই তরুণের কাছ থেকে ১২ কেজি ‘কুশ’, একটি মোটরসাইকেল এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। জব্দকৃত আলামতের মোট আনুমানিক মূল্য ৬ কোটি ৩ লাখ ৫২ হাজার টাকা, যার মধ্যে কেবল কুশের বাজারমূল্যই প্রায় ৬ কোটি টাকা।
বৃহস্পতিবার বিকেলে ৩৩ বিজিবি সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার মাধবকাঠি বাজার এলাকা থেকে মোটরসাইকেলযোগে ঝাউডাঙ্গার দিকে যাওয়ার সময় তারিকুজ্জামানকে আটক করা হয়। মারিজুয়ানা গাছের কুঁড়ি থেকে প্রস্তুতকৃত টিএইচসি (THC) সমৃদ্ধ এই সিনথেটিক মাদক অত্যন্ত মারাত্মক। ভারতের সঙ্গে সীমান্তজুড়ে সীমান্ত সুরক্ষা ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার কথা জানিয়ে তিনি মাদকমুক্ত সমাজ গঠনে সবার সহযোগিতা কামনা করেন।


