সেনা কর্মকর্তা তানজিম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ৯ জনের যাবজ্জীবন
কক্সবাজারের চকরিয়ায় সেনা কর্মকর্তা লে. তানজিম ছারোয়ার নির্জন (২৩) হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
একই সঙ্গে নয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। ঘটনায় সম্পৃক্ত না থাকায় খালাস দেয়া হয়েছে পাঁচজনকে। গতকাল কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (পঞ্চম) আদালতের বিচারক মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী এ রায় দেন।
মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব ডুমখালী এলাকার জাফর আলমের ছেলে মো. হেলাল উদ্দিন, আবদুল মালেকের ছেলে নাছির উদ্দিন, আবুল কালাম কবিরাজের ছেলে মোর্শেদ আলম এবং একই ইউনিয়নের রিংভং ছগিরশাহ কাটা এলাকার মৃত কামাল হোসেনের ছেলে নুরুল আমিন। তাদের মধ্যে মোর্শেদ আলম পলাতক।
আদালতের অতিরিক্ত পিপি খুরশিদ আলম চৌধুরী বলেন, ‘দীর্ঘ শুনানি, সাক্ষ্যপ্রমাণ ও আলামত পর্যালোচনা শেষে আদালত এ রায় দিয়েছেন।
তিনি বলেন, ‘একই সঙ্গে সংশ্লিষ্ট আরেকটি অস্ত্র মামলারও রায় দেয়া হয়। সেই মামলায় ১৩ আসামিকে দুটি পৃথক ধারায় ১৭ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। হত্যা মামলাটির মতো ওই মামলায়ও পাঁচ আসামি খালাস পেয়েছেন।’
প্রসঙ্গত, ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর রাতে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকায় ডাকাতি প্রতিরোধ অভিযানে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ হারান সেনাবাহিনীর লে. তানজিম ছারোয়ার।


