শিরোনাম

South east bank ad

জনপ্রশাসনে ১৩ সচিবের পদ শূন্য

 প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন   |   সচিব

জনপ্রশাসনে ১৩ সচিবের পদ শূন্য
প্রশাসনে বর্তমানে সিনিয়র সচিব ও সচিব পদে ১৩ কর্মকর্তার পদ শূন্য রয়েছে। শিগগিরই এ পদগুলো পূরণ করা হবে। তবে চুক্তিভিত্তিক নিয়োগসহ সচিবের শূন্যপদগুলোতে নিয়োগ পেতে নানামুখী তদবরি অব্যাহত আছে। সূত্র জানিয়েছে, বিএনপি সরকার এ ক্ষেত্রে মেধা, যোগ্যতা ও পেশাদারত্বকে বেশি প্রাধান্য দিতে চায়।
 
বিশ্লেষকরা বলছেন, নবাগত বিএনপি সরকার মুখে যতই মেধা, যোগ্যতা ও পেশাদারত্বকে গুরুত্ব দেওয়ার কথা বলুক না কেন বাস্তবে এর প্রতিফলন থাকতে হবে। তারা মনে করেন, একথা ঠিক যে নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে পেশাদারত্বের পাশাপাশি সরকার আস্থাভাজন আমলাও তালাশ করবে। এজন্য হয়তো কিছু চুক্তিভিত্তিক নিয়োগ এখনো দিতে হবে। কিন্তু কোনো কারণে প্রশাসন দলীয়করণের অভিযোগ প্রতিষ্ঠিত হলে সেটি সবার জন্য খারাপ পরিণতি বয়ে আনবে।

শূন্যপদে সচিব নিয়োগে সরকারের অবস্থান সম্পর্কে জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক কোনো মন্তব্য করেননি।

জনপ্রশাসন বিশেষজ্ঞ মোহাম্মদ ফিরোজ মিয়া  বলেন, যদি সরকারের পাশে দক্ষ আমলাতন্ত্র না থাকে তা হলে সরকার নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন করতে পারবে না। সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য যথাযথভাবে বাস্তবায়ন হবে না। অনেক ক্ষেত্রে দুর্নীতি বাড়তে পারে। এর ফলে সরকার বিতর্কিত হয়ে পড়বে। এজন্য সরকারকে অনেকটা চিন্তা-ভাবনা করে মুন্সিয়ানার সঙ্গে প্রশাসন পরিচালনা করতে হবে। তিনি বলেন, সরকার স্বল্প মেয়াদে সৎ, দক্ষ ও যোগ্য কিছু কর্মকর্তাকে সচিব হিসাবে চুক্তিভিত্তিক নিয়োগ দিতে পারে। তাহলে সমস্যা কিছুটা হলেও লাঘব হবে। তবে দীর্ঘমেয়াদে কাউকে চুক্তিতে নিয়োগ দেওয়া যাবে না।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয়, ধর্মবিষয়ক মন্ত্রণালয়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের পদ খালি রয়েছে। এছাড়া পরিকল্পনা কমিশনের সচিব পদমর্যাদায় তিনজন সদস্যের পদও খালি রয়েছে। ভৌত অবকাঠামো বিভাগ, আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগ এবং শিল্প ও শক্তি বিভাগের সদস্য পদে কোনো শীর্ষ কর্মকর্তা নেই। পদগুলো শূন্য। অপরদিকে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যানের পদ শূন্য রয়েছে। খালি আছে মুখ্য সমন্বয়ক (এসডিজি) সিনিয়র সচিবের পদ।
BBS cable ad