‘কৃষক কার্ড’ উদ্বোধনে মঙ্গলবার টাঙ্গাইল যাচ্ছেন প্রধানমন্ত্রী
‘কৃষক কার্ড’ উদ্বোধন করতে এক দিনের সফরে মঙ্গলবার টাঙ্গাইল যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন দেশের ১১ উপজেলায় একযোগে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন এবং কৃষকের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দেবেন। এ ছাড়া জননেতা মওলানা ভাসানীর মাজার জিয়ারত করতে সন্তোষে যাবেন।
সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন।
দলীয় সূত্র জানায়, ওই দিন শহীদ স্মৃতি পৌর উদ্যানে আয়োজন করা হবে কৃষিমেলার। ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচি উদ্বোধনের পর স্টেডিয়ামে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। অনুষ্ঠানে দেশসেরা সংগীতশিল্পীরা সংগীত পরিবেশন করবেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে প্রি-পাইলটিং প্রকল্পের আওতায় এই কার্ড বিতরণ করতে যাচ্ছে সরকার।
মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে কৃষক কার্ড প্রণয়ন-সংক্রান্ত সেলের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন সাংবাদিকদের জানান, পহেলা বৈশাখে টাঙ্গাইল সদরসহ দেশের ১১ উপজেলায় একযোগে এই কার্যক্রম শুরু হবে। প্রথম ধাপে এসব উপজেলার ২২ হাজার ৬৫ কৃষকের কাছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ সহায়তা পৌঁছে যাবে।
তিনি বলেন, এই কার্ড কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের চাষি ও খামারিদের দেওয়া হবে।


