শিরোনাম

South east bank ad

মাদ্রাসা শিক্ষাকে কর্মমুখী করার উদ্যোগ: ইউজিসি সদস্য মামুন

 প্রকাশ: ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন   |   অন্যান্য

মাদ্রাসা শিক্ষাকে কর্মমুখী করার উদ্যোগ: ইউজিসি সদস্য মামুন
সোমবার (২৪ আগস্ট) মাদ্রাসা শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান নিশ্চিত করতে মাদ্রাসা শিক্ষার কারিকুলাম যুগোপযোগী ও কর্মবাজারমুখী করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।

আজ ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ‘মাদ্রাসায় উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন ও কর্মসংস্থান’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. মামুন বলেন, মাদ্রাসা শিক্ষার্থীদের দেশের পাশাপাশি বিদেশেও কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে কারিকুলামকে কর্মবাজারমুখী করা হবে। অন্যান্য শিক্ষা ধারার শিক্ষার্থীদের সঙ্গে দক্ষতা ও সুযোগের যে ব্যবধান রয়েছে, তা কমিয়ে আনাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

তিনি জানান, কারিকুলাম প্রণয়নে ‘বটম-আপ অ্যাপ্রোচ’ নেওয়া হয়েছে। অর্থাৎ ওপর থেকে সিদ্ধান্ত না নিয়ে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে কারিকুলাম তৈরি করা হবে। চলতি মাসের মধ্যেই এ বিষয়ে একটি কর্মপরিকল্পনা চূড়ান্ত করে শিক্ষা মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে।

কর্মশালায় মাদ্রাসা শিক্ষার্থীদের তৃতীয় ভাষা শেখানো, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে যুক্ত করা, উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং স্টার্টআপসহ দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরির বিষয়ে আলোচনা হয়।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খানের সভাপতিত্বে কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্য, কোষাধ্যক্ষসহ সংশ্লিষ্টরা বক্তব্য দেন। এতে প্রায় ৩০০ শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন।
BBS cable ad