নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে শ্রীলঙ্কায় সার্কের আঞ্চলিক কর্মশালা শুরু
সোমবার (২৪ আগস্ট) দক্ষিণ এশিয়ায় নারীদের কৃষি ও প্রাণিসম্পদভিত্তিক উদ্যোগকে টেকসই ব্যবসায় রূপ দেওয়া এবং বাজারের সঙ্গে কার্যকর সংযোগ তৈরির লক্ষ্যে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় শুরু হয়েছে সার্কের তিন দিনব্যাপী আঞ্চলিক কর্মশালা।
আজ শুরু হওয়া ‘দক্ষিণ এশিয়ায় কৃষি ও প্রাণিসম্পদভিত্তিক উদ্যোক্তা উন্নয়ন ও বাজারসংযোগের মাধ্যমে নারীর ক্ষমতায়ন’ শীর্ষক কর্মশালা চলবে ২৬ আগস্ট পর্যন্ত। এতে বিভিন্ন দেশের নীতিনির্ধারক, সরকারি কর্মকর্তা, পেশাজীবী, কারিগরি বিশেষজ্ঞ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার প্রতিনিধিসহ প্রায় ৪৫ জন অংশ নিচ্ছেন।
কর্মশালায় বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কার প্রতিনিধিদের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। এতে নারীনেতৃত্বাধীন কৃষি ও প্রাণিসম্পদ উদ্যোগের সফল অভিজ্ঞতা, উদ্ভাবনী মডেল ও নীতিগত দিকনির্দেশনা বিনিময় করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীলঙ্কার কৃষি, প্রাণিসম্পদ, ভূমি ও সেচ মন্ত্রণালয়ের সচিব ডি. পি. বিক্রমাসিংহে। সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. এস. পিয়াসিরি।
কর্মশালায় বক্তারা বলেন, দক্ষিণ এশিয়ার কৃষি ও প্রাণিসম্পদ খাতে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও অর্থায়ন, প্রযুক্তি, দক্ষতা, সংগঠিত বাজার ও ব্যবসায়িক সহায়তায় সীমিত প্রবেশাধিকার তাঁদের উদ্যোক্তা হয়ে ওঠার পথে বড় বাধা। তাই নারীদের শুধু উৎপাদক হিসেবে নয়, উদ্যোক্তা, মূল্যশৃঙ্খলের সক্রিয় অংশীদার ও অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণকারী হিসেবে প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিন দিনের কর্মশালায় নারী উদ্যোক্তা উন্নয়ন, বাজারসংযোগ, জলবায়ু সহনশীল উৎপাদন, নিরাপদ খাদ্য ও পুষ্টি, পারিবারিক কৃষি, টেকসই জীবিকা এবং নারী ও তরুণদের দক্ষতা উন্নয়ন নিয়ে আলোচনা হবে।
কর্মশালার অন্যতম লক্ষ্য হলো নারীনেতৃত্বাধীন কৃষি ও প্রাণিসম্পদ উদ্যোগের বিকাশ এবং বাজারসংযোগ শক্তিশালী করতে দক্ষিণ এশিয়ার জন্য একটি আঞ্চলিক কৌশল ও কার্যকর নীতিকাঠামোর সুপারিশ প্রণয়ন।


