শিরোনাম

South east bank ad

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের RDMS চালু

 প্রকাশ: ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন   |   মন্ত্রণালয়

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের RDMS চালু
রবিবার (৩০ আগস্ট) মানব পাচার ও অবৈধ অভিবাসনের শিকার বাংলাদেশি নাগরিকদের বিদেশ থেকে দেশে ফেরানোর প্রক্রিয়া আরও দ্রুত ও সমন্বিত করতে রিপ্যাট্রিয়েশন ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম (RDMS) চালু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আজ সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক অনুষ্ঠানে এ সিস্টেমের উদ্বোধন করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক ও বহিরাগমন) ড. জিয়াউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানের আয়োজন করা হয় জাস্টিস অ্যান্ড কেয়ারের সহযোগিতায়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্পেশাল ব্রাঞ্চ বাংলাদেশের প্রধান ও অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিন, স্পেশাল ব্রাঞ্চের ডিআইজি, এসসিও জাহাঙ্গীর হোসেন এবং অস্ট্রেলিয়ান হাইকমিশনের কাউন্সেলর রুবেন গ্রে।

সভাপতির বক্তব্যে ড. জিয়াউদ্দিন আহমেদ বলেন, মানব পাচার প্রতিরোধ ও উদ্ধারকৃতদের পুনরেকত্রীকরণ প্রক্রিয়া বেগবান করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডোমেইনে RDMS অন্তর্ভুক্ত করা গুরুত্বপূর্ণ। ফেরত আসা ব্যক্তি ও সারভাইভারদের পূর্ণাঙ্গ তথ্য সংরক্ষণে সিস্টেমটি জাতীয় পরিচয়পত্রের (NID) ডাটাবেজের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। শিশুদের সঠিকভাবে শনাক্ত করতে জন্ম ও মৃত্যু নিবন্ধন এবং পাসপোর্ট সেবার সঙ্গেও এটি সমন্বয়ের কাজ চলছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জাস্টিস অ্যান্ড কেয়ার বাংলাদেশের কারিগরি সহায়তায় RDMS তৈরি করা হয়েছে এবং এর উন্নয়ন ও আপগ্রেডেশনে অস্ট্রেলিয়া সরকার সহযোগিতা করেছে। এটি একটি কেন্দ্রীয় ডিজিটাল প্ল্যাটফর্ম, যার মাধ্যমে প্রত্যাবাসন-সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনা ও বিভিন্ন সরকারি সংস্থার মধ্যে সমন্বয় সহজ হবে।

সিস্টেমটির মাধ্যমে প্রত্যাবাসন মামলার তথ্য কেন্দ্রীয়ভাবে সংরক্ষণ, জাতীয়তা ও পুলিশ রেকর্ড যাচাই, সংশ্লিষ্ট সংস্থার মধ্যে তথ্য আদান-প্রদান এবং প্রত্যাবাসন প্রক্রিয়ার অগ্রগতি রিয়েল-টাইমে পর্যবেক্ষণ ও প্রতিবেদন তৈরির সুযোগ থাকবে।

এ ছাড়া বিদেশে অবস্থিত বাংলাদেশি হাইকমিশনসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো নির্ধারিত ও সমন্বিত পদ্ধতিতে প্রত্যাবাসনের আবেদন করতে পারবে। ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্য নিরাপদে সংরক্ষণ ও ব্যবস্থাপনাকেও সিস্টেমে গুরুত্ব দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় আশা করছে, RDMS চালুর ফলে বিদেশ থেকে বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবাসন প্রক্রিয়া আরও দ্রুত, স্বচ্ছ, নিরাপদ ও কার্যকর হবে এবং মানব পাচার ও অবৈধ অভিবাসন প্রতিরোধে আন্তঃসংস্থার সমন্বয় জোরদার হবে।

অনুষ্ঠানে বিভিন্ন দেশের দূতাবাস ও হাইকমিশনের প্রতিনিধি এবং স্বরাষ্ট্র, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ পুলিশসহ সংশ্লিষ্ট সরকারি সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
BBS cable ad