শিরোনাম

South east bank ad

খেলতে খেলতে শেখার পদ্ধতি যাচাই করলেন প্রতিমন্ত্রী

 প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন   |   মন্ত্রী

খেলতে খেলতে শেখার পদ্ধতি যাচাই করলেন প্রতিমন্ত্রী
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে খেলাধুলা ও আনন্দময় কার্যক্রমের মাধ্যমে শিশুদের শেখার আগ্রহ বাড়ানো এবং শিখনদক্ষতা যাচাইয়ের ওপর গুরুত্ব দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

সোমবার (২৬ অক্টোবর) পুরান ঢাকার মাহুতুলি রেনেসাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও প্রসন্ন পোদ্দার লেন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে তিনি এ গুরুত্বারোপ করেন। এ সময় শিক্ষার্থীদের মধ্যে লার্নিং টয়েস বা শিখন উপকরণ বিতরণ করেন এবং খেলাধুলার মাধ্যমে তাদের মৌলিক শিখনদক্ষতা যাচাই করেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী দেখেন, খেলনা ও হাতে-কলমে শেখার উপকরণ ব্যবহার করে শিশুরা সহজে বিভিন্ন বিষয় বুঝতে পারছে। এসব উপকরণ শিক্ষার্থীদের শেখার আগ্রহ, উদ্দীপনা ও অংশগ্রহণ বাড়াতে সহায়ক বলে উল্লেখ করেন তিনি।

ববি হাজ্জাজ বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শুধু অবকাঠামো উন্নয়ন ও শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করাই যথেষ্ট নয়। প্রতিটি শিশু কী শিখছে, নির্ধারিত শিখনফল অর্জন করতে পারছে কি না এবং শিক্ষকরা কতটা কার্যকরভাবে পাঠদান করছেন, তা নিয়মিত যাচাই করতে হবে। বিশেষ করে গণিত ও ইংরেজিসহ মৌলিক শিখনদক্ষতার ঘাটতি চিহ্নিত করে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর জোর দেন তিনি।

প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের উদ্যোগের কথাও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, দেশে প্রায় সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। এসব পদে নিয়োগ দ্রুত সম্পন্ন করতে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সঙ্গে আলোচনা চলছে।

তিনি আরও জানান, দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকদের পদোন্নতির বিষয়টিও বিবেচনায় রয়েছে। প্রধান শিক্ষক নিয়োগ সম্পন্ন হলে সহকারী শিক্ষক নিয়োগের প্রয়োজনীয়তাও নতুন করে তৈরি হবে।

পরিদর্শনকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: