শিরোনাম

South east bank ad

খাদ্য সংরক্ষণে পাকিস্তানের সহযোগিতা চাইলেন খাদ্যমন্ত্রী

 প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন   |   মন্ত্রী

খাদ্য সংরক্ষণে পাকিস্তানের সহযোগিতা চাইলেন খাদ্যমন্ত্রী
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে খাদ্যশস্য সংরক্ষণ, দ্বিপক্ষীয় বাণিজ্য ও প্রযুক্তিগত জ্ঞান বিনিময় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম।

সোমবার (২৬ অক্টোবর) সকালে সচিবালয়ে খাদ্যমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে খাদ্যশস্য আমদানি, দীর্ঘমেয়াদি খাদ্য সংরক্ষণ, বাণিজ্য সম্প্রসারণ, শিক্ষা ও যোগাযোগসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

খাদ্যমন্ত্রী বলেন, গত অর্থবছরে পাকিস্তান থেকে ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানি করা হয়েছিল। নির্ধারিত সময়ে চাল পৌঁছানোর পাশাপাশি এর মানও সন্তোষজনক ছিল। তিনি পাকিস্তানের বাসমতী চালের প্রশংসা করে বলেন, দেশে পর্যাপ্ত খাদ্যশস্য মজুত থাকলেও দীর্ঘমেয়াদে গুণগত মান বজায় রেখে তা সংরক্ষণ করা বড় চ্যালেঞ্জ। এ ক্ষেত্রে পাকিস্তানের অভিজ্ঞতা ও প্রযুক্তিগত জ্ঞান বাংলাদেশের জন্য সহায়ক হতে পারে।

পাকিস্তানের হাইকমিশনার বলেন, দুই দেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালু হওয়ায় মানুষের যাতায়াত ও পারস্পরিক যোগাযোগ সহজ হয়েছে। তিনি বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন।

তিনি জানান, পাকিস্তানে বাংলাদেশের সিরামিক পণ্য, পান ও আনারসের চাহিদা রয়েছে। এ ছাড়া পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও পূর্ণ অর্থায়নে বৃত্তি পাওয়ার সুযোগ রয়েছে। সাইবার নিরাপত্তা ও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ে এসব সুযোগ কাজে লাগাতে তিনি শিক্ষার্থীদের আহ্বান জানান।

খাদ্যমন্ত্রী বলেন, কৃষিপণ্যের বাজার সম্প্রসারণে দুই দেশের ব্যবসায়ী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে যোগাযোগ বাড়ানো প্রয়োজন। পারস্পরিক সহযোগিতা ও বাণিজ্য সহজীকরণের মাধ্যমে দুই দেশের বাণিজ্যিক সম্ভাবনাকে কাজে লাগানো সম্ভব।

সাক্ষাৎকালে পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ, ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট অ্যাটাশে ওয়াকাস ইয়াসিন, খাদ্য সচিব আবু তাহের মো. মাসুদ রানা, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. জসিম উদ্দিন খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: