শিরোনাম

South east bank ad

দ্রুত সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

 প্রকাশ: ২৩ অগাস্ট ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন   |   মন্ত্রী

দ্রুত সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর
রবিবার (২৩ আগস্ট) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থাগুলোর গৃহীত পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

আজ সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে নবনিযুক্ত মন্ত্রী আন্দালিব রহমানের সঙ্গে মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং অধীন দপ্তর-সংস্থার প্রধানদের পরিচিতি সভায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, মন্ত্রণালয়ে আমূল পরিবর্তন প্রয়োজন। প্রতিটি দপ্তরের জন্য পৃথক পরিকল্পনা রয়েছে। এখন সময় এসেছে দ্রুতগতিতে এসব পরিকল্পনা বাস্তবায়নের।

তিনি বলেন, অতীতে সিদ্ধান্ত নেওয়ার পর তা বাস্তবায়নে অনেক সময় বিলম্ব হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার পরও যথাযথভাবে বাস্তবায়নের দিকে এগোনো সম্ভব হয়নি। এখন থেকে দ্রুতগতিতে এগোতে হবে।

ইয়াসের খান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান, নবনিযুক্ত মন্ত্রী, প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা এবং মন্ত্রণালয়ের নিজস্ব পরিকল্পনা ও সিদ্ধান্ত অনুযায়ী কর্মসূচিগুলো যথাযথভাবে বাস্তবায়নে সংশ্লিষ্টদের দ্রুত পদক্ষেপ নিতে হবে।

বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ সংবাদ সংস্থা (বিএসএস), বাংলাদেশ বেতার ও বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনসহ (বিএফডিসি) গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো ও আধুনিকায়ন দ্রুত সম্পন্ন করার ওপরও গুরুত্ব দেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, এসব প্রতিষ্ঠানের কার্যক্রম সাধারণ মানুষ সরাসরি দেখতে ও জানতে পারে। তাই প্রতিষ্ঠানগুলোর আধুনিকায়ন ও সক্ষমতা বাড়ানো গেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মান, পরিচিতি ও সুনাম আরও বৃদ্ধি পাবে।

মন্ত্রণালয়ের কার্যক্রমের মাধ্যমে বর্তমান সরকার কী কী করছে, তা জনগণের কাছে আরও সুন্দর ও কার্যকরভাবে তুলে ধরা সম্ভব হবে বলেও জানান তিনি।

নবনিযুক্ত মন্ত্রী আন্দালিব রহমানকে স্বাগত জানিয়ে ইয়াসের খান চৌধুরী বলেন, বাংলাদেশের রাজনীতি ও দেশের প্রেক্ষাপটে আন্দালিব রহমান সবার কাছে পরিচিত। তিনি সুসংগঠক ও ডায়নামিক মানুষ।

প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে দীর্ঘদিনের রাজনৈতিক ও কর্মসম্পর্কের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, একই মন্ত্রণালয়ে এখন একসঙ্গে কাজ করার সুযোগ তৈরি হয়েছে। মন্ত্রণালয়ের কার্যক্রমে গতি আনার ক্ষেত্রে এ সুযোগ গুরুত্বপূর্ণ।

পরিচিতি সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান, প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং তথ্য সচিব মাহবুবা ফারজানাও বক্তব্য দেন।

এর আগে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী মন্ত্রী আন্দালিব রহমানকে ফুল দিয়ে স্বাগত জানান। পরে মন্ত্রণালয় এবং অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানরাও নবনিযুক্ত মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: