স্বামীর মৃত্যু : প্যারোলে মুক্তির আবেদন করবেন সাবেক মন্ত্রী দীপু মনি
বামী তৌফিক নেওয়াজের মৃত্যুর পর কারাবন্দি আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী দীপু মনির প্যারোলে মুক্তির জন্য আবেদন করা হবে বলে জানিয়েছেন তার আইনজীবী গাজী ফয়সাল ইসলাম।
বুধবার (১৯ আগস্ট) সকালে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এ আবেদন জমা দেওয়ার কথা বলেন তিনি।
বিডিনিউজ২৪ ডটকমের এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
চব্বিশের গণ-অভ্যুত্থানের পরে একাধিক মামলায় গ্রেপ্তার দীপু মনি বর্তমানে মুন্সীগঞ্জ কারাগারে বন্দি আছেন।
সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফিক নেওয়াজ মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে রাজধানীর একটি হাসপাতালে মারা যান। দীর্ঘদিন থেকে অসুস্থ তৌফিকের বয়স হয়েছিল ৭৬ বছর।
আইনজীবী গাজী ফয়সাল ইসলাম বলেন, দীপু মনির প্যারোলে ছাড়া পাওয়ার বিষয়টি জেলা প্রশাসকের আদেশের ওপর নির্ভর করছে।
পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফিক নেওয়াজ ধ্রুপদী সংগীতেরও চর্চা করতেন। ২০১৯ সালে তিনি স্ট্রোক করেছিলেন। সর্বশেষ গত ২৭ মে হুইল চেয়ারে করে কারাবন্দি স্ত্রীকে দেখতে তাকে আদালতে নিয়ে গিয়েছিলেন স্বজনরা।


