চট্টগ্রামে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৩৩
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় ৪৩৩ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে মাদকসংক্রান্ত অভিযানে গ্রেপ্তার করা হয়েছে ১০৩ জনকে।
চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, অভিযানে মাদক মামলায় ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মাদক বহনকারী তিনজন এবং মাদক সেবনকারী ৬৭ জন। এ ছাড়া নিয়মিত ও অন্যান্য মামলায় মাদক ব্যবসায়ী হিসেবে আরো ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪৩ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সময়ে ১৪ হাজার ৯৪০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
অভিযানে ২৬টি মাদক মামলা করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ২০ হাজার ৪৬৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৬৬ কেজি ৭৯২ গ্রাম গাঁজা, ৬২ লিটার ৭৫৫ মিলিলিটার চোলাই মদ এবং ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট।


