শিরোনাম

South east bank ad

পদ সৃজনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আজকের সভা স্থগিত, নতুন তারিখ ১১ জুন

 প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০২:২২ অপরাহ্ন   |   মন্ত্রণালয়

স্বাস্থ্যসেবা বিভাগের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানে রাজস্বখাতে মোট পাঁচ হাজার ৭৮০টি নতুন পদ সৃজনে আজ মঙ্গলবারের (৯ জুন) সভা স্থগিত করা হয়েছে। এর বদলে সভাটি অনুষ্ঠিত হবে আগামী ১১ জুন।

রবিবার (৭ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের এক সংশোধিত নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘পূর্বনির্ধারিত ৯ জুনের সভা অনিবার্য কারণবশত স্থগিত করে আগামী (১১ জুন) বৃহস্পতিবার সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের কনফারেন্স রুমে (কক্ষ নং ৩৩২, ভবন নং ৩, ৪র্থ তলা) স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হবে।’

সভায় আলোচনার জন্য পাঁচটি প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট (বিআইএইচএম), সাভারের জন্য ৮৫টি পদ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জন্য দুই হাজার ৭১১টি পদ, স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের জন্য ৩৬টি পদ এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জন্য এক হাজার ৪৪৭টি পদ সৃজন।

এ ছাড়া দেশের ৩৭টি মেডিকেল কলেজ হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগের জন্য আরও এক হাজার ৫০১টি নতুন পদ সৃজনের বিষয়েও আলোচনা হবে।

স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব সজীব আহমেদ স্বাক্ষরিত নোটিশে এসব তথ্য বলা হয়েছে, সভার কার্যবিবরণী পরবর্তীতে স্বাস্থ্য সেবা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।


BBS cable ad