শিরোনাম

South east bank ad

ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বৈঠক

 প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০২:২১ অপরাহ্ন   |   মন্ত্রণালয়

ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বৈঠক

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিকের সমান নির্ধারণ করা হয়েছে। আর ইনক্রিমেন্ট ছাড়া নবম গ্রেডের সমপর্যায়ের সুবিধা পাবেন এফসিপিএস ও এমডি-এমএস প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। 


সোমবার (৮ জুন) ছয় দফা দাবিতে আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে  স্বাস্থ্য অধিদপ্তরে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বৈঠকে এমন সিদ্ধান্ত হয়।

পরে এক যৌথ প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী।

ইন্টার্ন চিকিৎসকদের দাবিগুলো অত্যন্ত যৌক্তিক উল্লেখ করে স্বাস্থ্য সচিব বলেন, এ কারণে আলোচনার মাধ্যমে সেগুলোর সমাধানের বিষয়ে সরকার ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেন, ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা নবম গ্রেডের বেসিক বেতনের সমপরিমাণ নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে সকল এফসিপিএস ও এমডি-এমএস প্রশিক্ষণার্থী চিকিৎসকদের কোনো ধরনের ইনক্রিমেন্ট ছাড়া নবম গ্রেডের সমপর্যায়ের সুযোগ-সুবিধা দেওয়া প্রদান করা হবে। পরবর্তীতে সরকারের নতুন পে-স্কেল বাস্তবায়ন কৌশলের সঙ্গে সামঞ্জস্য রেখে ইন্টার্ন ও পোস্টগ্র্যাজুয়েট চিকিৎসকদের ভাতা আনুপাতিক হারে বৃদ্ধি করা হবে।

মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, এফসিপিএস পার্ট-১ এবং এমডি/এমএস (ফেজ-এ) পরীক্ষায় উত্তীর্ণ সব বেসরকারি প্রশিক্ষণার্থী মাসিক ভাতা পাবেন এবং এটা নিয়মিতভাবে প্রতি মাসে পরিশোধ করা হবে।

তিনি আরও বলেন, স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট সব প্রক্রিয়া অনুসরণ করে অংশীজনদের সঙ্গে পরামর্শক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। বিসিএস স্বাস্থ্য ক্যাডারে চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির বিষয়টি বিবেচনার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে।

‘এ ছাড়া বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস) ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) পরীক্ষার যৌক্তিক ফি নির্ধারণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে এবং এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে’—যোগ করেন তিনি।

স্বাস্থ্য সচিব বলেন, ‘বিসিপিএসের রেজিস্ট্রেশন ফি ১১ হাজার টাকা। এমডি-এমএসে সাত হাজার টাকা। শিক্ষার্থীরা এটা এক হাজার টাকায় নামিয়ে আনার দাবি করেছেন। এ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। তিনি বলেছেন, এটি বিসিপিএস-বিএমইউর বিষয়। এ নিয়ে তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। এই ফি যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনবো। আমরা মনে করি, আসলেই এটা বেশি।'

বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও মেডিকেল কলেজে এন্ট্রি-লেভেলে কর্মরত চিকিৎসকদের জন্য একটি সম্মানজনক বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

আলোচনা শেষে সকল সিদ্ধান্ত সাত কর্মদিবসের মধ্যে বাস্তবায়নের আশ্বাসের পরিপ্রেক্ষিতে ইন্টার্ন চিকিৎসক ও পোস্ট গ্রাজুয়েট চিকিৎসকদের প্রতিনিধি দল চলমান কর্মবিরতি ও ওয়ার্ড এবং ক্লাস বর্জন কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করেন।

অনুষ্ঠানে স্বাস্থ্য সেবা অধিদপ্তরের অধ্যাপক ডা. প্রভাত‌ চন্দ্র বিশ্বাস, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে আন্দোলনরত চিকিৎসকদের পক্ষে উপস্থিত ছিলেন ঢামেক হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির (আইডিএস) সভাপতি ডা. মোস্তফা আমির ফয়সাল ও সাধারণ সম্পাদক ডা. নাবিল বিন কাশেম, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের (এসএসএমসিএইচ) সদস্য সচিব ডা. আল মেয়ান শেখ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ (শসমেক) ইন্টার্ন ডক্টরস কাউন্সিলের (আইডিসি) সমন্বয়ক ডা. মো. ফজলে এলাহী তারুণ ও ডা. সাব্বির হোসাইন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের (মুমচ) ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের (আইডিএ) সাধারণ সম্পাদক ডা. তানজিম মাহফুজ মজুমদার, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের (কেএমসিএইচ) ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের (আইডিএ) সভাপতি ডা. আল আমিন, রাজশাহী মেডিকেল কলেজ (আরএমসি) হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির (আইডিএস) সভাপতি ডা. তানভীর আহমেদ তৌকির, চট্টগ্রাম মেডিকেল কলেজের (সিএমসি) ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের (আইডিএ) সভাপতি ডা. সাকিব হোসাইন ও সাধারণ সম্পাদক ডা. জামান মোহাম্মদ নুরশাদ এবং শহীদ ওসমানী মেডিকেল কলেজের (সোমেক) ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের (আইডিএ) সভাপতি ডা. মো. মিসবাহুর রহমান ও সাধারণ সম্পাদক ডা. মুসফিকুল ইসলাম রাফিন।

ছয় দফা দাবিতে রোববার (৭ জুন) অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেন সারাদেশের ইন্টার্ন চিকিৎসকরা। শনিবার প্রতিটি ক্যাম্পাসে মানববন্ধন ও বিক্ষোভ করেন তারা। ইন্টার্নদের পাশাপাশি মেডিকেল শিক্ষার্থীদের ক্লাস বর্জনও চলছে। তাদের কর্মবিরতিতে সংহতি প্রকাশ করে আজ সোমবার (৮ জুন) কর্মবিরতি শুরু করেন পোস্টগ্রাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা।

তাদের ৬ দফা দাবি হলো—এফসিপিএস পার্ট-১ উত্তীর্ণ বেসরকারি প্রশিক্ষণার্থীদের পদায়নের নীতিমালা সংক্রান্ত কমিটির প্রস্তাবনা বাতিল, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এবং বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) ভর্তি পরীক্ষার ফি কমিয়ে ৫০০ থেকে ১ হাজার টাকার মধ্যে আনা, নতুন পে-স্কেল অনুযায়ী ইন্টার্নদের ভাতা ন্যূনতম ৩০ হাজার টাকা ও ট্রেইনিদের ৯ম গ্রেডে নির্ধারণ, স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন, বিসিএস স্বাস্থ্য চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর করা এবং বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকদের জন্য শ্রম আইন ২০০৬ মেনে সুস্পষ্ট বেতন কাঠামো তৈরি করা।

BBS cable ad