ঈদের নিরাপত্তায় কঠোর সরকার, সন্ত্রাস-মাদকে জিরো টলারেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী
মঙ্গলবার (২৬ মে) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। ঈদুল আজহাকে সামনে রেখে মহাসড়ক, পশুর হাট, পদ্মা ও যমুনা সেতুসহ গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি জোরদার করা হয়েছে।
আজ ঢাকায় পুলিশ হেডকোয়ার্টার্সের ন্যাশনাল অপারেশন মনিটরিং সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, ঈদের সাত দিন আগে থেকে সাত দিন পর পর্যন্ত বিশেষ মনিটরিং ব্যবস্থা চালু থাকবে। সিসিটিভি না থাকা এলাকায় বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন।
মন্ত্রী জানান, এবার সড়ক দুর্ঘটনা তুলনামূলক কম হলেও অসচেতনতা ও ঝুঁকিপূর্ণ যাত্রার কারণে কিছু দুর্ঘটনা ঘটেছে। তিনি যাত্রীদের সতর্ক থাকার আহ্বান জানান।
অবৈধ পশুর হাটের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, মিরপুরে মেট্রোরেল লাইনের নিচে গড়ে ওঠা অবৈধ হাট বন্ধ করে দেওয়া হয়েছে। জাল নোট প্রতিরোধে হাটগুলোতে ব্যাংক ও পুলিশের সহায়তায় শনাক্তকারী মেশিন স্থাপন করা হয়েছে।
চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার প্রসঙ্গে মন্ত্রী বলেন, যৌথ অভিযানে অস্ত্রসহ দাগী আসামিদের গ্রেফতার করা হয়েছে। সেখানে পুলিশ ও র্যাবের বিভিন্ন স্থাপনা নিয়ে একটি সমন্বিত নিরাপত্তা হাব গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
যমুনা সেতুতে যানজট কমাতে ডিজিটাল টোল আদায় ব্যবস্থা চালুর পরামর্শ দেওয়া হবে বলেও জানান তিনি। এছাড়া সাভারে মাদক ব্যবসা ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তিন পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী।


