গাবতলী পশুর হাটে সন্তোষজনক পরিবেশ, নিরাপত্তায় কড়া নজরদারি: প্রতিমন্ত্রী
মঙ্গলবার (২৬ মে) স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি আজ গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে বলেছেন, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ক্রেতা ও বিক্রেতাদের স্বস্তিদায়ক কেনাকাটা নিশ্চিত করতে সরকার ও সিটি কর্পোরেশন প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে। এ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী জানান, হাটের সার্বিক পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক রয়েছে। পশুর মূল্যের ওপর নির্ধারিত ৫ শতাংশ হাসিল আদায় সঠিকভাবে বাস্তবায়ন করা হচ্ছে এবং রশিদের মাধ্যমে তা যাচাই করা হয়েছে।
তিনি বলেন, সাম্প্রতিক বৃষ্টিপাতের কারণে সাময়িক কিছু সমস্যা তৈরি হলেও পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখা হয়েছে। কোথাও কাদা জমে গেলে তাৎক্ষণিকভাবে ইট, সুরকি বা বালু ফেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হচ্ছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, হাটে জালিয়াতি ও নকল টাকা শনাক্তে র্যাব, পুলিশ, কন্ট্রোল রুম ও ওয়াচ টাওয়ারের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে।
হাটের সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে সিটি কর্পোরেশন, ইজারাদার ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান তিনি।


