স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর সৌজন্য সাক্ষাৎ
শনিবার (২৩ মে) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর সঙ্গে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেজনাইক আজ বাংলাদেশ সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।
বৈঠকে রোহিঙ্গা সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতি, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণ, টেকসই উন্নয়ন অভীষ্ট (SDG) বাস্তবায়ন, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে জাতিসংঘের সহযোগিতার প্রশংসা করেন এবং বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে সংস্থাটির ভূমিকার জন্য কৃতজ্ঞতা জানান।
তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বাংলাদেশ ও জাতিসংঘের অংশীদারত্ব আরও গভীর ও কার্যকর হবে।
জবাবে আবাসিক সমন্বয়কারী বলেন, বাংলাদেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে জাতিসংঘ ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি SDG বাস্তবায়নসহ বিভিন্ন কৌশলগত ক্ষেত্রে সহযোগিতা জোরদারের বিষয়ে মন্ত্রীর মতামত জানতে চান।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই সংকট এখন জাতীয় নিরাপত্তার জন্যও বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর সমর্থন ও বৈশ্বিক তহবিল বৃদ্ধির আহ্বান জানান। একই সঙ্গে তিনি বলেন, বাংলাদেশ শান্তিপূর্ণ, মর্যাদাপূর্ণ ও টেকসই অভিবাসনে বিশ্বাসী।
আবাসিক সমন্বয়কারী রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশের মানবিক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, এত বিপুল সংখ্যক শরণার্থীর দীর্ঘমেয়াদি বোঝা বাংলাদেশের একার পক্ষে বহন করা সম্ভব নয়; এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও দৃশ্যমান সহায়তা প্রয়োজন।
বৈঠকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের পেশাদারিত্বপূর্ণ ভূমিকারও প্রশংসা করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় জাতিসংঘের যেকোনো উদ্যোগে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।


