খেলাধুলায় তরুণদের সম্পৃক্ত রাখতে ক্রীড়া কাঠামো পুনর্গঠন করছে সরকার
শুক্রবার (২২ মে) তরুণ প্রজন্মকে নিয়মিত খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত রাখতে সরকার ইউনিয়ন থেকে জাতীয় পর্যায় পর্যন্ত ক্রীড়া কাঠামো পুনর্গঠনে কাজ করছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
তিনি বলেন, শিশু-কিশোর ও তরুণদের দীর্ঘ সময় খেলাধুলার মধ্যে রাখতে তৃণমূল থেকে প্রতিভা বাছাইয়ের ধারাবাহিক ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টারে (ইআরসি) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘হেলদি এজিং’ সেমিনার ও স্পোর্টস টুর্নামেন্ট-২০২৬-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে ধারাবাহিক প্রতিযোগিতার মাধ্যমে খেলোয়াড় তৈরি করা হবে। ঈদের পর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা শুরু হবে এবং সেপ্টেম্বর থেকে পূর্ণাঙ্গ ক্রীড়া মৌসুম শুরু হয়ে মার্চ-এপ্রিল পর্যন্ত চলবে।
তিনি আরও বলেন, বর্তমানে আটটি খেলা বাধ্যতামূলক করা হয়েছে। আগামী মৌসুম থেকে ভলিবল ও টেবিল টেনিস যুক্ত হলে খেলার সংখ্যা বেড়ে দাঁড়াবে ১০টিতে। প্রতিভাবান খেলোয়াড়দের শিক্ষা ও প্রশিক্ষণ সহায়তাও বাড়ানো হবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর জীবনযাপনের কারণে তরুণদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে। তাই খেলাধুলা ও শরীরচর্চার পরিবেশ নিশ্চিত করা জরুরি। সেমিনারে সুস্থ বার্ধক্য, নিয়মিত ব্যায়াম ও স্বাস্থ্য সচেতনতার গুরুত্বও তুলে ধরা হয়।
শেষে স্পোর্টস টুর্নামেন্ট-২০২৬-এর বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।


