যমুনা ভাঙন রোধে টাঙ্গাইলে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের ঘোষণা
শুক্রবার (২২ মে) টাঙ্গাইল সদর উপজেলার যমুনা নদীর ভাঙনকবলিত এলাকা রক্ষায় দ্রুত স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের ঘোষণা দিয়েছেন মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
আজ কাকুয়া ইউনিয়নের চরপৌলি এলাকার ভাঙনকবলিত স্থান পরিদর্শন শেষে তিনি এ ঘোষণা দেন।
মন্ত্রী বলেন, যমুনা নদীর ভাঙনে প্রতিবছর নদীপাড়ের বহু মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ দুর্ভোগ কমাতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছে। প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে এবং আগামী অর্থবছর থেকেই কাজ শুরু হবে।
পরিদর্শনে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, নির্বাচনের আগে দেওয়া যমুনার ভাঙন রোধের প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে।
এ সময় টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার এবং পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মো. শাহজাহান সিরাজসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


