শিরোনাম

South east bank ad

সুন্দরবন রক্ষায় ঐক্যবদ্ধ পদক্ষেপের আহ্বান

 প্রকাশ: ২২ মে ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন   |   মন্ত্রী

সুন্দরবন রক্ষায় ঐক্যবদ্ধ পদক্ষেপের আহ্বান

শুক্রবার (২২ মে) বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন রক্ষায় দেশ ও বিশ্ববাসীকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন পরিবেশবিদ, জলবায়ু বিশেষজ্ঞ ও প্রশাসনের প্রতিনিধিরা। তারা বলেছেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সুন্দরবনের গুরুত্ব অপরিসীম হলেও শিল্পায়ন, দূষণ ও অপরিকল্পিত উন্নয়নের কারণে বনটি হুমকির মুখে পড়েছে।

আজ  খুলনায় অনুষ্ঠিত দুই দিনব্যাপী ‘সুন্দরবন সামিট-২০২৬’-এর সমাপনী সেমিনারে বক্তারা এসব কথা বলেন। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সিথ্রিইআর, মিশন গ্রিন বাংলাদেশ, সাজিদা ফাউন্ডেশন ও স্বপ্নপুরী কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ সামিটে বাংলাদেশসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সাতটি দেশের তিন শতাধিক তরুণ জলবায়ু কর্মী অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, সুন্দরবন দেশের উপকূলীয় অঞ্চলের প্রাকৃতিক ঢাল। বন ধ্বংস হলে উপকূলের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। তিনি অভিযোগ করেন, অতীতে জনগণের আপত্তি উপেক্ষা করে অপরিকল্পিত উন্নয়ন ও কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের মাধ্যমে সুন্দরবনের ওপর চাপ সৃষ্টি করা হয়েছে।

তিনি বলেন, “আমরা প্রকৃতিকে রক্ষা করেই উন্নয়ন চাই। সুন্দরবন রক্ষায় তরুণ প্রজন্ম, পরিবেশবিদ ও সাধারণ মানুষকে এক হয়ে কাজ করতে হবে।” সামিট থেকে প্রণীত ‘সবুজ ঘোষণা’ প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার আশ্বাসও দেন তিনি।

খুলনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিসেস হুরে জান্নাত বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা একা সরকারের পক্ষে সম্ভব নয়। সরকার, এনজিও, উন্নয়ন সহযোগী ও তরুণদের যৌথ অংশগ্রহণের মাধ্যমে একটি সবুজ ও নিরাপদ ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব।

জলবায়ুবিদ অধ্যাপক ড. আইনুন নিশাত বলেন, লবণাক্ততা বৃদ্ধি ও ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগের কারণে সুন্দরবনের জীববৈচিত্র্য হুমকির মুখে। বন রক্ষায় বিজ্ঞানভিত্তিক উদ্ভাবন ও তরুণদের নেতৃত্ব কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

ওয়াটারকিপার্স বাংলাদেশের কান্ট্রি কো-অর্ডিনেটর শরীফ জামিল সুন্দরবনসংলগ্ন নদী ও পরিবেশ দূষণমুক্ত রাখার আহ্বান জানিয়ে বলেন, স্থানীয় জনগোষ্ঠী ও তরুণদের সম্পৃক্ত করে শক্তিশালী তদারকি ব্যবস্থা গড়ে তুলতে হবে।


BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: