প্রকল্প নিয়ন্ত্রণে ঘাটতিতেই বাড়ে সময় ও ব্যয়: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
দেশের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সময় ও ব্যয় বৃদ্ধি এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন বক্তারা। তাঁরা বলেন, প্রকল্প গ্রহণের আগে যথাযথ সম্ভাব্যতা যাচাই, বাস্তবভিত্তিক পরিকল্পনা এবং কার্যকর প্রকল্প নিয়ন্ত্রণ ব্যবস্থা নিশ্চিত না হলে উন্নয়ন কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি জাতীয় অর্থনীতির ওপরও চাপ বাড়ে।
বুধবার (২০ মে) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) সদর দপ্তরের শহীদ প্রকৌশলী ভবনে আয়োজিত ‘ইঞ্জিনিয়ারিং প্রকল্পে প্রকল্প নিয়ন্ত্রণের মৌলিক ধারণা’ শীর্ষক সেমিনারে এসব কথা বলা হয়। আইইবির কেমিকৌশল বিভাগের উদ্যোগে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, দেশের শিল্পখাতে বিশেষ করে পোশাকশিল্পে অতিরিক্ত পানি ব্যবহারের কারণে অপচয় ও পরিবেশগত ঝুঁকি বাড়ছে। পানি পুনর্ব্যবহার, কম পানি ব্যবহারকারী প্রযুক্তি ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে এ সমস্যা মোকাবিলা সম্ভব।
তিনি আরও বলেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পে প্রায়ই সময় ও ব্যয় বৃদ্ধি পাচ্ছে। অতীতে কিছু ক্ষেত্রে প্রকল্পের নামে অর্থ আত্মসাতের ঘটনাও ঘটেছে। এ পরিস্থিতি মোকাবিলায় প্রকল্প গ্রহণের আগে যথাযথ সম্ভাব্যতা সমীক্ষা, বাস্তবসম্মত পরিকল্পনা ও কার্যকর প্রকল্প নিয়ন্ত্রণ ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে আইইবির প্রেসিডেন্ট ও রাজউকের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজুল ইসলাম বলেন, উন্নত দেশগুলো দীর্ঘ সময় পরিকল্পনা ও গবেষণায় ব্যয় করলেও বাস্তবায়ন শেষ করে তুলনামূলক কম সময়ে। কিন্তু বাংলাদেশে অনেক প্রকল্প বাস্তবায়নে ২০ থেকে ৩০ বছর পর্যন্ত সময় লেগে যায়, ফলে ব্যয় বহুগুণ বেড়ে যায়।
বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইল (বুটেক্স)-এর উপাচার্য অধ্যাপক মো. জুলহাস উদ্দিন বলেন, প্রকল্প পরিকল্পনার শুরুতেই বাস্তবসম্মত বাজেট ও সময়সীমা নির্ধারণ জরুরি। একই সঙ্গে শিল্পখাতে পরিবেশ সুরক্ষায় ইটিপি স্থাপন বাধ্যতামূলক করার ওপরও গুরুত্ব দেন তিনি।
আইইবির সম্মানী সাধারণ সম্পাদক অধ্যাপক মো. সাব্বির মোস্তফা খান বলেন, প্রকল্প অনুমোদনের সময় উপস্থাপিত পরিকল্পনার সঙ্গে বাস্তবায়ন পর্যায়ে বড় ধরনের অমিল দেখা যায়। ফলে বারবার সময় ও ব্যয় সংশোধন করতে হয়, যা জাতীয় অর্থনীতিতে চাপ সৃষ্টি করে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শেভরন বাংলাদেশ-এর বেস বিজনেস অ্যান্ড মেইনটেন্যান্স ম্যানেজার প্রকৌশলী বিপ্লব কুমার ধর। তিনি বলেন, সময়, ব্যয়, গুণগত মান ও ঝুঁকি নিয়ন্ত্রণ ছাড়া কোনো প্রকল্প সফলভাবে সম্পন্ন করা সম্ভব নয়।
সেমিনারে সভাপতিত্ব করেন আইইবির কেমিকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সালমা আখতার। অনুষ্ঠানে বিভিন্ন প্রকৌশল বিভাগের প্রতিনিধি ও প্রকৌশলীরা উপস্থিত।


